রংপুরে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ অভিযানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে বাধার মুখে পড়েছেন গণমাধ্যমকর্মীরা। এ সময় বিভিন্ন গণমাধ্যমের অন্তত ছয়জন সাংবাদিককে ঘেরাও করে অশ্লীল ভাষায় গালিগালাজ, হেনস্তা ও মারধরের চেষ্টা এবং মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযানের দায়িত্বে থাকা প্রশাসনের কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে বিষয়টি জানানো হলেও তাঁরা কোনো পদক্ষেপ নেননি বলে অভিযোগ করেছেন সাংবাদিকেরা।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে নগরীর কলেজ রোডের খামার মোড় এলাকায় উচ্ছেদ অভিযানের সময় তথ্য ও ভিডিও ধারণ করতে গেলে সংবাদকর্মীরা বাধার মুখে পড়েন। এ সময় ঢাকা পোস্টের ফরহাদুজ্জামান ফারুক, সময় টেলিভিশনের রেদওয়ান হিমেল, আজকের পত্রিকার নূর মোহাম্মদ, আগামীর সময়ের লিজেন আহমেদ প্রান্ত, খবরের কাগজের সেলিম সরকার, বার্তা২৪ ডটকমের নভেল চৌধুরী ও আমাদের প্রতিদিনের শরিফুল ইসলাম সুমনের ওপর দুই দফায় চড়াও হওয়ার অভিযোগ ওঠে।
সাংবাদিকদের অভিযোগ, তাঁদের আটকে রেখে হেনস্তা, অশ্লীল ভাষায় গালিগালাজ ও মারধরের চেষ্টা করা হয়। এ সময় তাঁদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করা হয়।
অভিযুক্ত দখলদারদের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত ও হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তুলে সাংবাদিকেরা ঘটনাস্থলে উপস্থিত সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মৌখিকভাবে বিষয়টি জানান। তবে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাঁদের।
পুলিশের পক্ষ থেকে পরে ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।
সদ্য সংবাদ/ এরআর