মৌলভীবাজারে পুলিশ পরিচয়ে অস্ত্রের ভয় দেখিয়ে চারটি মহিষসহ একটি পিকআপ ছিনতাইয়ের ঘটনায় ইউনিয়ন ছাত্রদলের সভাপতিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন সংঘবদ্ধ ডাকাত দলের কথিত সর্দার জুমন মিয়া। এ ঘটনায় ছিনতাই হওয়া পিকআপটিও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পুলিশ জানায়, গত ১৯ অক্টোবর রাতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের বাসিন্দা মো. শহীদ মিয়া কুলাউড়ার ব্রাহ্মণবাজার থেকে চারটি মহিষ কিনে পিকআপে করে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ১০টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের রায়শ্রী এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে আসা একদল ব্যক্তি তাঁর গাড়ির পথ আটকায়। নিজেদের পুলিশ পরিচয় দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মহিষসহ পিকআপটি নিয়ে পালিয়ে যায় তারা।
এ ঘটনায় ভুক্তভোগী শহীদ মিয়া মৌলভীবাজার সদর মডেল থানায় মামলা করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তা এবং বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তদন্ত শুরু করে পুলিশ। একপর্যায়ে পৌরসভার মনু ব্যারেজ এলাকা থেকে খালি পিকআপটি উদ্ধার করা হয়।
তদন্তের ধারাবাহিকতায় গত ১ নভেম্বর অভিযান চালিয়ে প্রথমে মেহেদী হাসান মুন্নাকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে কথিত ডাকাত সর্দার জুমন মিয়া এবং পরে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম অভিসহ আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অন্যরা হলেন—মেহেদী হাসান মুন্না, জুমন মিয়া, রাহেল মিয়া ও সম্রাট মিয়া। তাঁদের সবার বাড়ি মৌলভীবাজার সদর উপজেলায়।
পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, জুমনের নেতৃত্বে চক্রটি আগে থেকেই পিকআপটির গতিবিধি অনুসরণ করছিল। ডাকাতির পর মহিষগুলো বালিয়াকান্দি খেয়াঘাটসংলগ্ন একটি জঙ্গলে লুকিয়ে রাখা হয়। পরদিন সেগুলো সিলেটে নিয়ে বিক্রি করে পাওয়া অর্থ নিজেদের মধ্যে ভাগ করে নেয় চক্রের সদস্যরা বলে জানিয়েছে পুলিশ।
এদিকে গ্রেপ্তারের পর রাহেল মিয়া ও সম্রাট মিয়া আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়ের ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলামের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে পুলিশের বিশেষ দলের একাধিক কর্মকর্তা অংশ নেন।
এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সদ্য সংবাদ/এসএস