দেশের উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আনতে ৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ের ১৩টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ১১টি নতুন এবং দুটি সংশোধিত। পাশাপাশি ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও পাঁচটি প্রকল্পের বিষয়েও সভায় আলোচনা ও অবহিতকরণ করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
অনুমোদিত প্রকল্পগুলোর অর্থায়নে সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় হবে ৫০ হাজার ৪১ কোটি ২০ লাখ টাকা। প্রকল্প ঋণ হিসেবে পাওয়া যাবে ৭ হাজার ৯৭৪ কোটি ৬৫ লাখ টাকা। বাকি ৭৩ কোটি ৭ লাখ টাকা সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিজস্ব তহবিল থেকে জোগান দেওয়া হবে।
মন্ত্রণালয়ভিত্তিক বরাদ্দের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় খাত। এ মন্ত্রণালয়ের অধীনে পাঁচটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর মধ্যে রয়েছে বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা সম্প্রসারণ, বরিশাল নগরের বিভিন্ন খাল পুনরুদ্ধার ও খনন, জলবায়ু সহনশীল নগর উন্নয়ন এবং সামাজিক অবকাঠামো নির্মাণ। এ ছাড়া গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের তৃতীয় সংশোধনও অনুমোদিত হয়েছে।
আইনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতে পুলিশের সক্ষমতা বাড়াতে দুটি পৃথক প্রকল্প নেওয়া হয়েছে। এর আওতায় বাংলাদেশ পুলিশের জন্য বিশেষায়িত ও পরিচালন কাজে ব্যবহারের উপযোগী যানবাহন কেনা হবে।
প্রতিরক্ষা খাতে ঢাকা সেনানিবাসের মঈনুল রোড আবাসিক এলাকায় বি-টাইপ কর্মকর্তাদের জন্য আবাসন নির্মাণের উদ্যোগ অনুমোদন পেয়েছে। একইভাবে সরকারি কর্মচারীদের আবাসন সংকট কমাতে রাজধানীর জিগাতলার গাবতলা কলোনিতে বহুতল আবাসিক ভবন নির্মাণ করা হবে।
স্বাস্থ্য ও চিকিৎসা গবেষণার সুযোগ বাড়ানোর অংশ হিসেবে পাঁচটি মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস (ইনমাস) স্থাপনের প্রকল্প অনুমোদন করা হয়েছে। শিক্ষা খাতে অনুমোদন পেয়েছে পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫)।
জ্বালানি নিরাপত্তা জোরদারে তিতাস গ্যাসক্ষেত্রে তিতাস-৩২ ও তিতাস-৩৩ নামে দুটি মূল্যায়ন-কাম-উন্নয়ন কূপ খননের পরিকল্পনাও অনুমোদন করেছে একনেক। পাশাপাশি গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নে ১৫ মিটার পর্যন্ত দৈর্ঘ্যের সেতু ও কালভার্ট নির্মাণ প্রকল্পের তৃতীয় সংশোধন অনুমোদন দেওয়া হয়েছে।
অন্যদিকে, ৫০ কোটি টাকার কম ব্যয়ের পাঁচটি প্রকল্প পরিকল্পনামন্ত্রী ইতোমধ্যে অনুমোদন করেছেন। একনেক সভায় সেগুলো সম্পর্কে সদস্যদের অবহিত করা হয়। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের হৃদরোগ চিকিৎসাসেবার আধুনিকায়ন, শিশু-কিশোর ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করা এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের সড়ক নিরাপত্তা ও ট্রাফিক অবকাঠামো উন্নয়ন।
এ ছাড়া ঢাকা কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সম্প্রসারণ ও আধুনিকায়ন এবং গাজীপুর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করতে আধুনিক যানবাহন ও যন্ত্রপাতি সংগ্রহের প্রকল্পও রয়েছে এ তালিকায়।
সভায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/এজে