গণিতের প্রতি আগ্রহ বাড়ানো এবং মেধাবী শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আয়োজন করা হচ্ছে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০২৬-এর ঢাকা-দক্ষিণ আঞ্চলিক প্রতিযোগিতা। বিশ্ববিদ্যালয়টিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এ আয়োজন শুরু হবে আগামীকাল শুক্রবার (৬ নভেম্বর)।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ৪০২ নম্বর কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরেন আয়োজক কমিটির সদস্যরা।
দিনব্যাপী এ প্রতিযোগিতা শুরু হবে সকাল ৯টায়। জাতীয় পতাকা উত্তোলন ও র্যালির মাধ্যমে উদ্বোধনী আয়োজনের পর সকাল ১০টায় শুরু হবে মূল গণিত প্রতিযোগিতা। দুই ঘণ্টার এ পর্ব শেষে অংশগ্রহণকারীদের নিয়ে থাকবে প্রশ্নোত্তর ও ইন্টারঅ্যাকটিভ আয়োজন। পরে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
আঞ্চলিক প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিটি অঞ্চল থেকে সেরা ১০ জনকে জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বে নেওয়া হবে। সেখানে নির্বাচিত সেরা ১০ জনের মধ্য থেকে যোগ্য শিক্ষার্থীরা আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের অলিম্পিয়াডের প্রাথমিক প্রতিযোগিতার জন্য দেশকে আটটি অঞ্চলে ভাগ করা হয়েছে। ঢাকা-দক্ষিণ অঞ্চলের আওতায় রয়েছে ঢাকা মহানগরীর নির্ধারিত কিছু এলাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া। এ অঞ্চলের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০টির বেশি বিভাগ থেকে এখন পর্যন্ত ১৫০টি আবেদন জমা পড়েছে।
আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মাহবুব জানান, ঢাকা-দক্ষিণ অঞ্চলের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গণিত এবং গণিতসংশ্লিষ্ট বিভাগগুলোকে এ প্রতিযোগিতায় যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ৪০টি প্রতিষ্ঠানের ৭৫টি বিভাগের কাছে নিবন্ধনের জন্য প্রতিনিধি চাওয়া হয়েছিল। ইতোমধ্যে ১১টি প্রতিষ্ঠানের ২০টির বেশি বিভাগ থেকে অংশগ্রহণ নিশ্চিত হয়েছে।
আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন, শিক্ষার্থীদের কাছে গণিতকে সহজ ও আনন্দদায়কভাবে তুলে ধরাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ বাড়ানো, জ্ঞান বিনিময় এবং সৃজনশীল চিন্তার বিকাশেও এ প্রতিযোগিতা ভূমিকা রাখবে।
উল্লেখ্য, বাংলাদেশ গণিত সমিতি ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে প্রতিবছর জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। উচ্চশিক্ষা পর্যায়ের শিক্ষার্থীদের গণিতচর্চায় উৎসাহিত করা এবং গণিতের সৌন্দর্য ও গুরুত্ব ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
সদ্য সংবাদ/এজে