সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের স্বয়ংক্রিয় অনুবাদে একের পর এক ভুলের ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন জাপানের বাণিজ্যমন্ত্রী রিয়োসেই আকাজাওয়া। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে দেওয়া তাঁর জাপানি ভাষার পোস্ট ইংরেজিতে অনুবাদের সময় তারেক রহমানের পরিবর্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম দেখানো হয়। এ ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে ভুল বার্তা যাওয়ার আশঙ্কা প্রকাশ করে অনুবাদব্যবস্থা সংশোধনের দাবি জানিয়েছেন তিনি।
গত ২৮ অক্টোবর বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নিজের এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট দেন আকাজাওয়া। সেখানে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা এবং জ্বালানি, বিনিয়োগ ও বাণিজ্য সহযোগিতা সম্প্রসারণের আগ্রহের কথা তুলে ধরেন তিনি।
তবে পোস্টটির ইংরেজি অনুবাদে দেখা দেয় বিপত্তি। জাপানি ভাষায় তারেক রহমানের নাম সঠিকভাবে উল্লেখ করা হলেও স্বয়ংক্রিয় অনুবাদে সেটির জায়গায় শেখ হাসিনার নাম চলে আসে। বিষয়টি নজরে আসার পর অনুবাদব্যবস্থার নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন জাপানের এই মন্ত্রী।
এক্সে দেওয়া প্রতিক্রিয়ায় আকাজাওয়া জানান, এ ধরনের ভুল শুধু অনুবাদের সীমাবদ্ধতা নয়, বরং দুই দেশের মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে এমন ভুল অনুবাদ দেখে দেশটির জনগণের মনে জাপানের মন্ত্রী তাঁদের প্রধানমন্ত্রীর নাম জানেন না এমন ধারণাও তৈরি হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
প্ল্যাটফর্মটির মালিক ইলন মাস্কের দৃষ্টি আকর্ষণ করে আকাজাওয়া অনুবাদব্যবস্থা পুনরায় পর্যালোচনা ও প্রয়োজনীয় সংশোধনের আহ্বান জানান।
শুধু বাংলাদেশ-সংক্রান্ত পোস্টেই নয়, আরও দুটি আন্তর্জাতিক বৈঠকের ক্ষেত্রেও একই ধরনের সমস্যায় পড়েছেন বলে অভিযোগ করেন তিনি। কুয়েতের তেলমন্ত্রী তারেক আল-রুমির সঙ্গে অনলাইন বৈঠকের বিষয়ে দেওয়া পোস্টে ইংরেজি অনুবাদে কুয়েতের পরিবর্তে কাতারের জ্বালানিমন্ত্রীর নাম উঠে আসে। একইভাবে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিককে নিয়ে দেওয়া পোস্টেও ভুল অনুবাদ হয়েছিল।
তিনটি পৃথক ঘটনায় একই ধরনের সমস্যার মুখোমুখি হওয়ার কথা উল্লেখ করে আকাজাওয়া বলেন, তিনি এ অভিজ্ঞতার মধ্য দিয়ে তিনবার গেছেন। তাই বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখার প্রয়োজন রয়েছে।
উল্লেখ্য, চার দিনের সরকারি সফরে গত ২৬ অক্টোবর জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এবং বাণিজ্যমন্ত্রী রিয়োসেই আকাজাওয়াসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। এসব আলোচনায় দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পায়।
সদ্য সংবাদ/এসএস