শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে ব্যঙ্গাত্মক গান পরিবেশন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার। গানের মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আসার চ্যালেঞ্জ জানান তিনি।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে নগরের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। বিভিন্ন সড়ক ঘুরে মিছিলটি জামালখান এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।
কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের ও সদস্যসচিব ফাতিমা তাসনিমের উপস্থিতিতে আয়োজিত সমাবেশে ওসমান হাদি হত্যার পাশাপাশি পিলখানা, শাপলা ও জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবি করা হয়। একই সঙ্গে গণভোটের রায় বাস্তবায়নের দাবিও তুলে ধরেন বক্তারা।
কর্মসূচির শেষ পর্যায়ে মঞ্চে ওঠেন সালাহউদ্দিন আম্মার। সেখানে ‘ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?’—এমন কথায় ব্যঙ্গাত্মক সুরে গান গেয়ে উপস্থিতদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। পরিবেশনায় দেশের রাজনৈতিক পরিস্থিতি, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকাণ্ড, অন্তর্বর্তী সরকার এবং বিভিন্ন সহিংসতার প্রসঙ্গ উঠে আসে। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে নিয়েও গানে কথা বলেন তিনি।
গানের শেষাংশে শেখ হাসিনাকে উদ্দেশ করে ‘খুনি হাসিনা দেশে আয়, দেখব তোরে কে বাঁচায়’—এমন বক্তব্য তুলে ধরেন সালাহউদ্দিন আম্মার।
পরে তাঁর গান পরিবেশনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের মধ্যেও এ পরিবেশনা ঘিরে উৎসাহ ও আলোচনা দেখা যায়।
সদ্য সংবাদ/এজে