শেরপুর জেলা পুলিশের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন অফিসার্স মেস নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রস্তাবিত নির্মাণস্থল পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।
রোববার (৮ নভেম্বর) দুপুরে শেরপুর সদর থানার পাশে প্রস্তাবিত অফিসার্স মেসের জন্য নির্ধারিত স্থান সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এ সময় শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে ডিআইজি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নির্মাণপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি দ্রুত নির্মাণকাজ শুরু করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, অফিসার্স মেসটি নির্মিত হলে শেরপুরে কর্মরত এবং সফরে আসা ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের আবাসনসংক্রান্ত সমস্যা অনেকটাই কমবে। একই সঙ্গে তাঁদের দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল হবে।
উল্লেখ্য, ময়মনসিংহ রেঞ্জের আওতাধীন চার জেলার মধ্যে ইতোমধ্যে তিনটি জেলায় অফিসার্স মেস রয়েছে।
সদ্য সংবাদ/ এআর