পটুয়াখালীর কলাপাড়ায় গাঁজা পরিবহনের দায়ে দুই ব্যক্তিকে ২১ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
মাদ্রাসা রোডের কালভার্ট এলাকায় অভিযান চালিয়ে গাঁজা পরিবহনের অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন টিয়াখালী ইউনিয়নের মধ্য বাদুরতলী এলাকার মাহাবুব (৪২) ও পশ্চিম বাদুরতলী এলাকার আবুবক্কর (৪০)।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের এ সাজা দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিক।
অভিযানে কলাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) হামিদের নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করে।
এদিকে, পৃথক আরেকটি অভিযানে ধানখালী ইউনিয়নের টিয়াখালী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে হাবীব (৫৫) নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(ঙ) ও ১৫ ধারায় তাঁকে এ দণ্ড দেওয়া হয়।
সদ্য সংবাদ/ এআর