আগেভাগেই বোরো চাষের প্রস্তুতি, নতুন স্বপ্ন বুনছেন হাওরের কৃষকরা

ম
মো: রুহুল আমিন (সুনামগঞ্জ প্রতিনিধি)
৯ নভেম্বর, ২০২৬ ১৫:২২:০০
ছবি: সদ্য সংবাদ

সুনামগঞ্জের তাহিরপুরে বোরো ধানের নতুন মৌসুম ঘিরে শুরু হয়েছে কৃষকদের ব্যস্ততা। হাওরের পানি দ্রুত নেমে যাওয়ায় এবার গত বছরের তুলনায় প্রায় এক মাস আগেই বীজতলা তৈরিতে নেমেছেন তাঁরা। তবে আগের মৌসুমে জলাবদ্ধতা ও ধানের মান খারাপ হওয়ায় যে আর্থিক ক্ষতির মুখে পড়েছিলেন, তা এখনো ভুলতে পারেননি কৃষকরা। তাই এবার ধানের জাত নির্বাচনে বাড়তি সতর্কতা অবলম্বন করছেন তাঁরা।

শনির হাওর, মাটিয়ান হাওরসহ উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, বোরো চাষের প্রস্তুতিতে ব্যস্ত কৃষকরা। কেউ জমি তৈরি করছেন, কেউ বীজ বুনছেন, আবার কেউ বীজতলার পরিচর্যায় সময় দিচ্ছেন।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মৌসুমে জলাবদ্ধতার কারণে অনেক জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি ব্র্যাকের শক্তি-২ ও ৭৭৭ জাতের ধান অপরিপক্বতা এবং গুণগত মানের সমস্যায় বাজারে প্রত্যাশিত দাম পায়নি। উৎপাদন খরচ যেখানে প্রতি মণে এক হাজার টাকার বেশি ছিল, সেখানে অনেক কৃষককে ৭০০ থেকে ৮০০ টাকা মণ দরে ধান বিক্রি করতে হয়েছে। এতে লোকসানের পরিমাণ বেড়ে যায়।

এবার সেই অভিজ্ঞতা থেকে শক্তি-২ ও ৭৭৭ জাতের পরিবর্তে বিএডিসির ৬৭ ও ৯২, ব্রি হাইব্রিড ধান-৮, সিনজেন্টার ১২০৩, শক্তি-৩, জনকরাজ, অগ্রণী-৭ এবং হিরা-১৯ ও ২১ জাতের বীজের দিকে ঝুঁকছেন কৃষকরা। বিশেষ করে হাইব্রিড জাতের বীজের চাহিদা বেড়েছে।

শনির হাওরপাড়ের কৃষক মিল্লাদ হোসেন জানান, পানি দ্রুত কমে যাওয়ায় এবার নির্ধারিত সময়ের আগেই বীজতলা তৈরির কাজ শুরু করেছেন তিনি। ৩০ কেয়ার জমিতে চাষের জন্য কিনেছেন ৬০ কেজি বীজ। এর মধ্যে বিএডিসির ৬৭ জাতের ৪০ কেজি, সিনজেন্টার ১২০৩ জাতের ১২ কেজি এবং জনকরাজ জাতের ৮ কেজি রয়েছে। আগের বছরের ক্ষতি এড়াতে এবার ভালো ফলন ও বাজারদরের প্রত্যাশায় বীজ বাছাই করেছেন তিনি।

মাটিয়ান হাওর এলাকার কৃষক আলম মিয়া বলেন, গত বছর শক্তি-২ জাতের ধান পুরোপুরি পরিপক্ব না হওয়ায় বাজারে প্রতি মণে প্রায় ২০০ টাকা কম পেয়েছেন। মোটা ধানের দামও ছিল ৭০০ থেকে ৮০০ টাকা। এ কারণে এবার ১০ কেয়ার জমির জন্য সিনজেন্টার ১২০৩ এবং আরও দুই কেয়ার জমির জন্য জনকরাজ জাতের বীজ সংগ্রহ করেছেন।

একই এলাকার কৃষক আলী হোসেনের অভিযোগ, বীজ কেনার খরচ জোগাতে কৃষকদের অনেক সময় ধান বিক্রি করতে হয়। দুই কেজি বীজ কিনতেই দেড় মণ ধান বিক্রি করতে হচ্ছে। কৃষি বিভাগের পক্ষ থেকে বীজ ও সার দেওয়া হলেও অনেক ক্ষেত্রে বীজতলা তৈরির সময় পেরিয়ে যাওয়ার পর এসব সহায়তা পৌঁছায়। ফলে প্রয়োজনের সময় সরকারি প্রণোদনা কাজে লাগে না। সময়মতো বীজ ও সার বিতরণের দাবি জানিয়েছেন তিনি।

ভাটি তাহিরপুর গ্রামের কৃষক আব্দুল বাতেন সেন্টু বলেন, গত মৌসুমে ৫০০ মণ ধান উৎপাদন করেও ন্যায্যমূল্য পাননি। চিকন ধান বিক্রি করেছেন মণপ্রতি ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকায়। আর মোটা ও ক্ষতিগ্রস্ত ধানের দাম পেয়েছেন ৭০০ থেকে ৮০০ টাকা। অথচ উৎপাদন খরচ ছিল মণপ্রতি এক হাজার টাকার বেশি। এবার ৩০ কেয়ার জমির অধিকাংশের জন্য বিএডিসির ৬৭ ও ৯২, ব্রি হাইব্রিড ধান-৮ এবং সিনজেন্টার ১২০৩ জাতের বীজ বেছে নিয়েছেন তিনি।

তাহিরপুর বাজারের বীজ বিক্রেতা সামায়ূন কবির জানান, গত মৌসুমে শক্তি-২ ও ৭৭৭ জাতের ধানের দাম কম পাওয়ায় এবার কৃষকদের মধ্যে বিকল্প জাতের বীজ কেনার প্রবণতা বেড়েছে। এখন পর্যন্ত বিএডিসির ৬৭ ও ৯২ জাতের প্রায় ১৫ থেকে ২০ টন, ব্রি হাইব্রিড ধান-৮ জাতের প্রায় এক টন এবং সিনজেন্টার ১২০৩ জাতের প্রায় তিন টন বীজ বিক্রি হয়েছে।

উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে তাহিরপুরের ২৩টি হাওরে ১৮ হাজার হেক্টরের বেশি জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে তিন থেকে চার হাজার হেক্টর জমির চারা উৎপাদনের চাহিদা অনুযায়ী বীজতলা তৈরির কাজ শেষ হয়েছে। নভেম্বর মাসজুড়েই এ কার্যক্রম চলবে।

উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, এবার নির্ধারিত সময় অনুযায়ী বীজতলা তৈরির কার্যক্রম শুরু হয়েছে। তবে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণের বিষয়ে এখনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পাওয়া যায়নি। নির্দেশনা এলে দ্রুত সহায়তা বিতরণের ব্যবস্থা নেওয়া হবে।

সব মিলিয়ে আগের মৌসুমের ক্ষতি কাটিয়ে ওঠার প্রত্যাশায় নতুন করে মাঠে নেমেছেন তাহিরপুরের কৃষকরা। তবে ভালো ফলনের পাশাপাশি উৎপাদিত ধানের ন্যায্য দাম এবং চাষাবাদের গুরুত্বপূর্ণ সময়ে সরকারি সহায়তা পাওয়াকেই এখন বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তাঁরা।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. পাসপোর্ট লাগবে না আপা: আসিফ মাহমুদ সদ্য. হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে করা রিট খারিজ সদ্য. দুই দিনের সফরে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি গাড়িতে অপ্রয়োজনীয় হর্ন বাজানো যাবে না সদ্য. দীপাবলিতে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ সদ্য. মিরপুরে চলন্ত প্রাইভেট কারে ককটেল বিস্ফোরণ সদ্য. রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, এবার সিআইডি কার্যালয়ের সামনে সদ্য. প্রশিক্ষণের জন্য পাকিস্তান গেলেন বাংলাদেশের ৩৪ সরকারি কর্মকর্তা সদ্য. খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. পাসপোর্ট লাগবে না আপা: আসিফ মাহমুদ সদ্য. হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে করা রিট খারিজ সদ্য. দুই দিনের সফরে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি গাড়িতে অপ্রয়োজনীয় হর্ন বাজানো যাবে না সদ্য. দীপাবলিতে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ সদ্য. মিরপুরে চলন্ত প্রাইভেট কারে ককটেল বিস্ফোরণ সদ্য. রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, এবার সিআইডি কার্যালয়ের সামনে সদ্য. প্রশিক্ষণের জন্য পাকিস্তান গেলেন বাংলাদেশের ৩৪ সরকারি কর্মকর্তা