মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে ইতিবাচক পোস্ট প্রকাশের জন্য মাসে ৭৫ হাজার ডলার ব্যয় করেছিল ভারত সরকার। যুক্তরাষ্ট্রে নিবন্ধিত একটি লবিং প্রতিষ্ঠানের মাধ্যমে এ প্রচারণার উদ্যোগ নেওয়া হয়। যুক্তরাষ্ট্রের বিদেশি এজেন্ট নিবন্ধন আইন (ফ্যারা) অনুযায়ী জমা দেওয়া নথিতে এ তথ্য উঠে এসেছে।
শনিবার (৭ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে বিষয়টি সামনে এনেছে সংবাদমাধ্যম দ্য ওয়ার। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মারকারি পাবলিক অ্যাফেয়ার্স নামের প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করে ভারত।
চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটিকে প্রতি মাসে ৭৫ হাজার ডলার রিটেইনার ফি দেওয়ার কথা ছিল। ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যক্তিদের সংশ্লিষ্টতা রয়েছে প্রতিষ্ঠানটির সঙ্গে। ট্রাম্পের ট্রানজিশন টিমের যোগাযোগ পরিচালক ব্রায়ান লাঞ্জা এর মূল দলের সদস্য ছিলেন। এ ছাড়া ২০২৪ সালের শেষ পর্যন্ত ট্রাম্পের চিফ অব স্টাফ সুজি ওয়াইলসও প্রতিষ্ঠানটির নিবন্ধিত লবিস্ট হিসেবে যুক্ত ছিলেন।
নথিতে আরও উল্লেখ করা হয়েছে, ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভারতের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে দেওয়া একটি পোস্টের আয়োজনেও যুক্ত ছিল প্রতিষ্ঠানটি। তবে ট্রুথ সোশ্যালে মোদিকে নিয়ে পোস্ট প্রকাশের বিষয়টি নিয়েই প্রতিবেদনে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।
এদিকে, ভারতের পক্ষে যুক্তরাষ্ট্রে যোগাযোগ ও কূটনৈতিক তৎপরতা চালাতে আরও একটি প্রতিষ্ঠানকে কাজে লাগানো হয়েছিল। ট্রাম্পের সহযোগী জেসন মিলারের নেতৃত্বাধীন এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি মে ও জুন মাসে ভারতীয় সরকারের সঙ্গে হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের আটটি টেলিফোন আলাপের ব্যবস্থা করে। ফ্যারা নথিতে এসব উদ্যোগকে রাজনৈতিক কার্যক্রম হিসেবে উল্লেখ করা হয়েছে। আলোচনার বিষয় ছিল ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক।
২০২৫ সালের এপ্রিলে মিলারের প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করে ভারত। পরে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়। তবে মিলার ট্রাম্প প্রশাসনে বিশেষ সরকারি কর্মচারী হিসেবে যোগ দেওয়ার পর ২৩ জুন চুক্তিটির অবসান ঘটে। ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে প্রতিষ্ঠানটির চুক্তির মাসিক ফি ছিল দেড় লাখ ডলার।
নথি অনুযায়ী, প্রতিষ্ঠানটি মার্কিন প্রশাসন, কংগ্রেস, বিভিন্ন অঙ্গরাজ্যের সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান ও থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে যোগাযোগ এবং নীতিগত বিষয়ে কৌশলগত পরামর্শ দেওয়ার কাজ করত।
এ ছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের আগে মে মাসে মিলারের প্রতিষ্ঠানটি ভারতের কর্মকর্তাদের সঙ্গে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট, ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল নিধাম এবং ট্রেজারি বিভাগের শীর্ষ কর্মকর্তা জিন ল্যাঞ্জের যোগাযোগের ব্যবস্থা করে।
সফরের পর জুন মাসেও দুই দেশের কর্মকর্তাদের মধ্যে একাধিক আলোচনা হয়। এসব যোগাযোগে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জ্যামিসন গ্রিয়ার, নীতি বিষয়ক সহকারী ওয়াকার ব্যারেট এবং হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউং অংশ নেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ফ্যারা আইনে বিদেশি সরকারের হয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনাকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে তাদের কাজের বিবরণ এবং আর্থিক লেনদেনের তথ্য নিয়মিত প্রকাশ করতে হয়।
সদ্য সংবাদ/এজে