সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে সেফটি ট্যাংকের ভেতরে আটকে পড়া দুটি কুকুরছানাকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার সবজি বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, অসাবধানতাবশত দুটি কুকুরছানা একটি সেফটি ট্যাংকের ভেতরে পড়ে যায়। সেখান থেকে বের হতে না পেরে ছানা দুটি আটকে পড়ে। তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন উদ্ধারের চেষ্টা করলেও সফল হননি। পরে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
সংবাদ পেয়ে বিশ্বম্ভরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। টিম লিডার কামরান আহমেদ চৌধুরীর নেতৃত্বে সদস্যরা সতর্কতার সঙ্গে উদ্ধার অভিযান পরিচালনা করেন। একপর্যায়ে ট্যাংকের ভেতর থেকে কুকুরছানা দুটিকে জীবিত অবস্থায় বের করে আনতে সক্ষম হন তাঁরা।
বিশ্বম্ভরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার কামরান আহমেদ চৌধুরী জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ছানা দুটিকে উদ্ধার করেন। উদ্ধার হওয়া দুটিই সুস্থ রয়েছে।
ফায়ার সার্ভিসের এই উদ্যোগে প্রাণে রক্ষা পেয়েছে অসহায় কুকুরছানা দুটি।
সদ্য সংবাদ/এজে