ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। এ ঘটনায় মহাসড়কের দুই পাশে যান চলাচল ব্যাহত হওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টার মধ্যে উপজেলার কুটি চৌমুহনী এলাকার পূর্ব পাশে একটি সেতুর কাছে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সন্ধ্যায় কয়েকজন ব্যক্তি মহাসড়কে জড়ো হয়ে টায়ার এনে আগুন ধরিয়ে দেন। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভকারীদের কয়েকজনের মুখে মাস্ক দেখা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ১ মিনিট ১৭ সেকেন্ডের একটি ভিডিওতেও টায়ার জ্বালিয়ে সড়কে অবস্থান করতে দেখা যায় কয়েকজনকে। ভিডিওতে তাঁদের ‘জয় বাংলা’ স্লোগানের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের মুক্তির দাবিতে স্লোগান দিতে শোনা যায়। আল রাফি নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি প্রকাশ করা হয়।
এদিকে, মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধের কারণে কিছু সময়ের জন্য যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। এতে বিভিন্ন গন্তব্যের যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। বিক্ষোভকারীরা সরে যাওয়ার পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
ঘটনার বিষয়ে জানতে চাইলে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ কোনো বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।
সদ্য সংবাদ/এজে