পিরোজপুরের মঠবাড়িয়ায় চুরির চেষ্টার অভিযোগে ঝালকাঠি জেলা অটো শ্রমিকদলের সভাপতি মো. আলম ফকিরসহ দুজনকে আটক করেছে স্থানীয়রা। পরে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে আলম ফকিরকে বহিষ্কার করেছে ঝালকাঠি জেলা শ্রমিকদল।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভোররাতে মঠবাড়িয়া উপজেলার মিরুখালী এলাকায় এ ঘটনা ঘটে। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম আলম ফকিরের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটকের পর দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে তালা কাটার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
জানা যায়, আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে রাতে মঠবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় সড়কে পাহারা দিচ্ছিলেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় মিরুখালী এলাকায় চুরির চেষ্টার অভিযোগে আলম ফকিরসহ দুজনকে হাতেনাতে আটক করেন স্থানীয়রা। পরে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটকের পর আলম ফকির নিজের প্রকৃত পরিচয় গোপন করে কালাম ফকির নামে পরিচয় দেন।
পরে পুলিশ তাঁদের আদালতে পাঠায়। আদালতের নির্দেশে দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে আলম ফকিরের আটকের খবর পাওয়ার পর তাঁকে দল থেকে বহিষ্কার করেছে ঝালকাঠি জেলা শ্রমিকদল। জেলা অটো শ্রমিকদলের সভাপতির পদসহ দলের সাধারণ সদস্যপদ থেকেও তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার ঝালকাঠি জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. মামুন অর রশিদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আলম ফকিরের বিরুদ্ধে আগে থেকেই দলীয় শৃঙ্খলা ভঙ্গ, অসামাজিক কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগ ছিল। এসব বিষয়ে তাঁকে একাধিকবার মৌখিকভাবে সতর্ক করা হলেও তাঁর আচরণে পরিবর্তন আসেনি। সার্বিক বিষয় বিবেচনায় জেলা অটো শ্রমিকদলের সভাপতির পদসহ দলের সাধারণ সদস্যপদ থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে।
ঝালকাঠি জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. মামুন অর রশিদ বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অসামাজিক কর্মকাণ্ডের বিষয়ে আলম ফকিরকে একাধিকবার সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি আচরণে পরিবর্তন আনেননি। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন কর্মকাণ্ডের দায় দল নেবে না। তাই সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে জেলা অটো শ্রমিকদলের সভাপতির পদসহ সাধারণ সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে।
ঝালকাঠি থানা-পুলিশ সূত্রে জানা গেছে, আলম ফকির এর আগেও চুরির ঘটনায় একাধিকবার আটক হয়েছিলেন এবং কারাভোগ করেছেন। আটক অপর ব্যক্তির বাড়িও ঝালকাঠি জেলায় বলে জানা গেছে।
সদ্য সংবাদ/ এআর