সামাজিক যোগাযোগমাধ্যমে সাজেক ভ্যালি পর্যটকদের জন্য খুলে দেওয়ার খবর ছড়িয়ে পড়লেও বাস্তবে পর্যটনকেন্দ্রটি চালুর বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি প্রশাসন। এ নিয়ে ছড়িয়ে পড়া তথ্যকে বিভ্রান্তিকর উল্লেখ করে পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সংগঠনগুলো।
রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী জানিয়েছেন, সাজেক পর্যটনকেন্দ্র পুনরায় চালুর বিষয়ে নতুন কোনো নির্দেশনা দেওয়া হয়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত খবরের ভিত্তিতে পর্যটকদের সেখানে যাওয়ার পরিকল্পনা না করার পরামর্শ দেওয়া হচ্ছে।
এদিকে সাজেকের পর্যটন কার্যক্রম চালুর বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছে খাগড়াছড়ি সড়ক পরিবহন জীপ মালিক সমিতি। সংগঠনটির জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের পাশাপাশি সমিতির অফিশিয়াল ফেসবুক পেজেও এ বিষয়ে তথ্য প্রকাশ করা হবে।
বিজ্ঞপ্তিতে পর্যটকদের গুজবে বিশ্বাস করে সাজেকের উদ্দেশে যাত্রা না করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা পরিস্থিতি নিশ্চিত না হওয়া পর্যন্ত রিসোর্ট ও যানবাহন বুকিংয়ের ক্ষেত্রেও সতর্ক থাকতে বলা হয়েছে।
অন্যদিকে, সাজেক পর্যটন সড়ক অবরোধ বাস্তবায়ন গণকমিটি জানিয়েছে, স্থানীয় বাসিন্দাদের উত্থাপিত পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ কর্মসূচি চলবে। সংগঠনটি তাদের ফেসবুক পেজে দেওয়া বার্তায় পর্যটকদের বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে সাজেক ভ্রমণে না যাওয়ার অনুরোধ জানিয়েছে।
এ ছাড়া নিষেধাজ্ঞা উপেক্ষা করে কেউ সাজেকের পথে রওনা হলে এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বা ক্ষতির মুখে পড়লে তার দায় সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও অবরোধ বাস্তবায়ন গণকমিটি নেবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সব মিলিয়ে সাজেকের পর্যটন কার্যক্রম চালুর বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত ভ্রমণ, রিসোর্ট ও গাড়ি বুকিংয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
সদ্য সংবাদ/এজে