ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই এবার কিউবা নিয়ে নতুন করে কঠোর অবস্থানের কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব ছাড়ার আগেই দেশটিকে ‘মুক্ত’ করার পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন তিনি। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও জানিয়েছেন ট্রাম্প।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রিপাবলিকান সমর্থক ও রেডিও উপস্থাপক হিউ হিউইটকে দেওয়া এক সাক্ষাৎকারে কিউবায় সামরিক অভিযান চালানোর সম্ভাবনা নিয়ে প্রশ্নের মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট। জবাবে তিনি বলেন, নিজের মেয়াদ শেষ হওয়ার আগেই কিউবা-সংক্রান্ত বিষয়টির নিষ্পত্তি করতে চান।
এ পরিকল্পনায় মার্কো রুবিওর ভূমিকার কথা তুলে ধরে ট্রাম্প বলেন, তিনি অত্যন্ত দক্ষ ও প্রতিভাবান ব্যক্তি। রুবিওর বাবা-মা কিউবা থেকে যুক্তরাষ্ট্রে এসেছেন উল্লেখ করে ট্রাম্প জানান, এ বিষয়ে তাঁরও বিশেষ আগ্রহ রয়েছে।
কিউবা নিয়ে ট্রাম্পের এমন বক্তব্য নতুন নয়। এর আগে একাধিকবার দেশটির কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তিনি এবং শাসনব্যবস্থায় পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। তবে এবারই প্রথম এ বিষয়ে নিজের প্রেসিডেন্ট মেয়াদের সঙ্গে সময়সীমা যুক্ত করলেন তিনি। চলতি বছরের মার্চে সাংবাদিকদের কাছে ট্রাম্প বলেছিলেন, কিউবার নিয়ন্ত্রণ নেওয়ার ‘সম্মান’ তাঁর ভাগ্যে জুটতে পারে বলে তিনি মনে করেন।
সাক্ষাৎকারে কিউবান-আমেরিকানদের প্রসঙ্গও টেনেছেন ট্রাম্প। তাঁর ভাষ্য, ফ্লোরিডায় তাঁকে ভোট দেওয়া কিউবান বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের জন্যও তিনি এ পদক্ষেপ নিতে চান। কিউবায় নির্যাতনের শিকার হয়ে যারা যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছেন, তাঁদের স্বার্থের কথা বিবেচনা করেই এমন উদ্যোগের কথা ভাবছেন বলে জানান তিনি।
এর আগে গত ডিসেম্বরে ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের পর দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। এরপর কিউবার ওপর জ্বালানি নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প। এর ফলে দ্বীপ দেশটির বিদ্যুৎ অবকাঠামো মারাত্মক সংকটে পড়ে এবং মানবিক পরিস্থিতির অবনতি ঘটে।
এদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের এক সপ্তাহ পর তিনি কিউবা নিয়ে নতুন করে সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিলেন।
মার্কিন রাজনীতি বিশ্লেষকদের মতে, রিপাবলিকানদের নির্বাচনী বিপর্যয়ের পেছনে ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রভাব রয়েছে। ওই সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রে জ্বালানি ও খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে, যা সরকারের প্রতি জনসমর্থনে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে তাঁদের ধারণা।
তবে কিউবা নিয়ে ট্রাম্পের বক্তব্যের পরও সামরিক অভিযানের বিষয়ে প্রশাসনের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা বিস্তারিত পরিকল্পনার কথা জানা যায়নি।
সদ্য সংবাদ/এজে