তুরস্কের পূর্বাঞ্চলে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার দুর্ঘটনায় চার সেনাসদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় মালাতিয়া প্রদেশের সামানকয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর সামা টিভির।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটি ছিল এস-৭০ মডেলের। মালাতিয়া শহরের দক্ষিণ উপকণ্ঠে সন্ধ্যার দিকে এটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটিতে চারজন সেনাসদস্য ছিলেন। দুর্ঘটনায় তাঁদের কেউই বেঁচে নেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনায় চার সেনাসদস্যের মৃত্যু হয়েছে। তাঁদের ‘বীর সহযোদ্ধা’ উল্লেখ করে শোক প্রকাশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহতদের পরিবারের পাশাপাশি তুর্কি সশস্ত্র বাহিনী ও দেশবাসীর প্রতিও সমবেদনা জানিয়েছে সংস্থাটি।
তবে কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এদিকে দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, দমকল বাহিনী ও চিকিৎসক দল।
সদ্য সংবাদ/এজে