পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের ষষ্ঠ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। শনিবার (১৪ নভেম্বর) ভোরে বিশেষ নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে তিনটি বিশেষায়িত লরিতে করে এসব পারমাণবিক জ্বালানি কেন্দ্রে নেওয়া হয়।
সকাল ৬টা ৫ মিনিটের দিকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তায় লরিগুলো প্রকল্প এলাকায় প্রবেশ করে। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান।
এ পর্যন্ত রূপপুর প্রকল্পে মোট ছয়টি ইউরেনিয়ামের চালান পৌঁছেছে। এর মধ্যে প্রথম ইউনিটের জন্য এসেছে একটি অতিরিক্ত চালান এবং দ্বিতীয় ইউনিটের জন্য এসেছে পাঁচটি চালান।
রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনা হবে। পাশাপাশি প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি কার্গোতে ৪৮টি অ্যাসেম্বলি আনার কথা রয়েছে। সব মিলিয়ে নয়টি চালানে এসব পারমাণবিক জ্বালানি বাংলাদেশে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে।
রাশিয়ার প্রযুক্তি ও সহযোগিতায় নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। বর্তমানে প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতিমূলক কার্যক্রম এগিয়ে চলছে। গত ২৯ অক্টোবর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চেয়ারম্যান প্রথম ইউনিটের ‘পাওয়ার স্টার্টআপ স্টেজ-সি’ কার্যক্রম শুরুর অনুমোদন দেন।
এই পর্যায়ে ধাপে ধাপে রিঅ্যাক্টরের উৎপাদনক্ষমতা বাড়িয়ে কেন্দ্রের বিভিন্ন যন্ত্রপাতি, টারবাইন-জেনারেটর এবং পরিচালনা ও নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হবে। পরীক্ষাগুলো সফলভাবে সম্পন্ন হলে প্রথম ইউনিটের জেনারেটর জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডের সঙ্গে যুক্ত করা হবে। বিদ্যুৎকেন্দ্রের ভাষায় এ প্রক্রিয়াকে বলা হয় ‘সিনক্রোনাইজেশন’।
প্রকল্পসংশ্লিষ্ট পরিকল্পনা অনুযায়ী, সব পরীক্ষা ও প্রয়োজনীয় অনুমোদন সম্পন্ন হলে নভেম্বর মাসে প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্য রয়েছে।
সদ্য সংবাদ/এজে