চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় গ্যাসকূপ খননের কাজে ব্যবহৃত রাসায়নিকবাহী একটি লরি উল্টে গেছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার জোরারগঞ্জের মস্তাননগর ফারদিন মডেল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে লরিতে থাকা প্রায় ২০ লাখ টাকার কাঁচামাল নষ্ট হয়েছে। তবে চালকসহ কেউ হতাহত হননি।
লরিচালক জহির আলমের ভাষ্য অনুযায়ী, চট্টগ্রাম বন্দর থেকে ২০ বস্তা রাসায়নিক নিয়ে সিলেটের কৈলাশটিলায় যাচ্ছিল লরিটি। পথে একটি সিডিএম বাস অন্য একটি বাসকে অতিক্রম করার সময় লরিটিকে ধাক্কা দেয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে লরিটি মহাসড়কের বিভাজকের ওপর উঠে উল্টে যায়।
দুর্ঘটনার পর লরির কেবিনে আটকা পড়েন চালক জহির আলম। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন। এ ঘটনায় তার কোনো গুরুতর আঘাতের খবর পাওয়া যায়নি।
এদিকে লরিটি উল্টে যাওয়ায় এর ভেতরে থাকা কাঁচামাল মহাসড়কের ওপর ছড়িয়ে পড়ে। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে যানবাহন চলাচল ব্যাহত হয়। স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশের সহযোগিতায় প্রায় আট ঘণ্টা পর সড়ক থেকে ছড়িয়ে পড়া মালামাল সরানো সম্ভব হয়।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মহাসড়কে কাঁচামাল ছড়িয়ে পড়ায় যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। পরে সেগুলো সরিয়ে সড়ক স্বাভাবিক করার ব্যবস্থা করা হয়। দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সদ্য সংবাদ/এসএস