কুমিল্লার নাঙ্গলকোটে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া বিভিন্ন অভিযোগ ও মামলায় আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে অভিযানে গ্রেপ্তার হয়েছেন ১৩ জন।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার নয়জন হলেন কাজী স্বপন মিয়া (৪৯), মো. সাইফুল ইসলাম রনি (২৫), মো. ইউসুফ প্রকাশ জনি (২৪), মো. জোবায়েদুর রহমান (৪০), মোস্তাফিজুর রহমান (২৮), রবিউল হোসেন মজুমদার প্রকাশ সবুজ (২২), আব্দুর রহমান প্রকাশ আজিম (২৩), মো. তারেক হোসেন (২৪) ও মো. ইলিয়াছ ভূঁইয়া (৩৪)।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে নয়জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ রয়েছে। অন্যদের মধ্যে একজন নিয়মিত মামলার আসামি এবং দুজনের বিরুদ্ধে পুলিশ আইনের ৩৪ ধারায় অপরাধের অভিযোগ রয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তার ১৩ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সদ্য সংবাদ/এসএস