গোপালগঞ্জের মুকসুদপুরে একই পরিবারের দুই সদস্যের মৃত্যুতে শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যুর পর জানাজা শেষ হওয়ার প্রায় এক ঘণ্টার ব্যবধানে মারা গেছেন মা হাসিনা বেগম (৭২)। শনিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টা ২০ মিনিটে টেকেরহাট ইউএসএস মডেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত হাসিনা বেগমের ছেলে ইলিয়াস ফকির ছিলেন রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব। শুক্রবার ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় একাধিক যানবাহনের সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। পরে ঢাকায় নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ছেলের মৃত্যুর খবর পাওয়ার পর থেকে শোকে ভেঙে পড়েন হাসিনা বেগম। শনিবার বেলা ১১টার দিকে ইলিয়াস ফকিরের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন তার মা। স্ট্রোক করলে তাকে দ্রুত টেকেরহাট ইউএসএস মডেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টা ২০ মিনিটে তিনি মারা যান। শনিবার বাদ আসর তার জানাজা অনুষ্ঠিত হয়।
এদিকে মা-ছেলের পরপর মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং প্রয়াতদের আত্মার মাগফিরাত কামনা করেছেন।
উল্লেখ্য, শুক্রবার বেলা ১১টার দিকে বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় একটি প্রাইভেটকার ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের পর একাধিক যানবাহন দুর্ঘটনায় জড়িয়ে পড়ে। এতে চারটি বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক ও দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়। আহত হন শতাধিক যাত্রী।
দুর্ঘটনার সময় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরও ঘটনাস্থলে দুর্ঘটনার কবলে পড়ে। বহরের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও অক্ষত ছিলেন সংসদ সদস্য। ওই বহরে থাকা ইলিয়াস ফকির গুরুতর আহত হন। পরে ঢাকায় নেওয়ার পথে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনার কারণে মহাসড়কটিতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
সদ্য সংবাদ/এসএস