কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিমের বিরুদ্ধে জমি দখল, বসতবাড়ি ভাঙচুর, মারধর ও মালামাল লুটের অভিযোগে মামলা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান টেনশন মোড় এলাকার বাসিন্দা ইদ্রিস আলী (৬৭) বাদী হয়ে দৌলতপুর থানায় মামলাটি করেন।
মামলায় আবদুল হালিমকে প্রধান ও একমাত্র নামীয় আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, প্রায় পাঁচ বছর আগে আবদুল হালিমের দুই ভাইয়ের কাছ থেকে সোয়া চার কাঠা জমি কিনেছিলেন ইদ্রিস আলী। জমিটির দখল বুঝে নিয়ে সেখানে বসতবাড়ি নির্মাণ করে পরিবারসহ বসবাস শুরু করেন তিনি। তবে পরবর্তী সময়ে ওই জমি দখলের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছেন মামলার বাদী।
এজাহারে বলা হয়েছে, গত বছরের ১৩ সেপ্টেম্বর সকালে আবদুল হালিম ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে ইদ্রিস আলীর বাড়িতে হামলা চালান। এ সময় ঘরের বেড়া, দরজা-জানালা, টিনের চাল ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি বাদীর।
হামলায় বাধা দিতে গেলে ইদ্রিস আলী ও তার স্ত্রী মিনা খাতুনকে মারধর করা হয় বলেও অভিযোগ রয়েছে। পাশাপাশি বাড়ি থেকে তিনটি খাট ও ১০ বান্ডেল টিনসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।
ইদ্রিস আলীর দাবি, ঘটনার পর স্থানীয়ভাবে প্রতিকার চেয়েও কোনো সমাধান পাননি তিনি। বরং ১৬ সেপ্টেম্বর আবদুল হালিম তার বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই মামলায় কারাভোগের পর জামিনে বেরিয়ে তিনি জানতে পারেন, তার কেনা জমি দখল করা হয়েছে। প্রতিবাদ করলে অস্ত্র মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। একপর্যায়ে নিরাপত্তার কারণে পরিবার নিয়ে এলাকা ছাড়তে বাধ্য হন।
সম্প্রতি আবদুল হালিমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় তাকেও ও তার পরিবারের সদস্যদের জড়ানোর চেষ্টা হচ্ছে এমন আশঙ্কা থেকে এত দিন আইনের আশ্রয় নিতে পারেননি বলে এজাহারে উল্লেখ করেছেন ইদ্রিস আলী।
কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) মহসীন চৌধুরী মামলাটি তদন্ত করবেন।
অন্যদিকে, অভিযোগ অস্বীকার না করলেও আবদুল হালিম জানিয়েছেন, মামলার বিষয়ে তিনি অবগত নন। তার দাবি, ইদ্রিস আলী দীর্ঘদিন ধরে এলাকায় থাকেন না এবং ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পলাতক রয়েছেন। ভাইদের কাছ থেকে জমি কেনাবেচা নিয়ে বিরোধের বিষয়টি স্বীকার করে তিনি বলেন, কারও প্ররোচনায় ইদ্রিস আলী নতুন করে মামলা করে থাকতে পারেন।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর দিবাগত রাতে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে এনসিপির পক্ষ থেকে পেট্রলবোমা হামলার অভিযোগ তোলা হয়েছিল। তবে পরদিন জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, প্রাথমিকভাবে পেট্রলবোমা ব্যবহারের প্রমাণ পাওয়া যায়নি; পুরোনো বৈদ্যুতিক সংযোগ থেকে শর্টসার্কিটের সম্ভাবনা রয়েছে।
এরপর শুক্রবার পোড়া বাড়িটি পরিদর্শন করেন প্রাগপুর পল্লী বিদ্যুৎ সাবজোন কার্যালয়ের এজিএম তোজাম্মেল হক। তিনি মিটার, বৈদ্যুতিক তার, মেইন সুইচ ও অন্যান্য সরঞ্জাম পরীক্ষা করে কাটআউট ও ট্রান্সফরমারের ফিউজ অক্ষত পেয়েছেন বলে জানান। তার ভাষ্য, এসব পর্যবেক্ষণে শর্টসার্কিটের কোনো সুযোগ দেখা যায়নি।
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং জমি নিয়ে বিরোধের অভিযোগ দুই বিষয়েই সংশ্লিষ্ট তদন্তের ফলাফলের অপেক্ষা রয়েছে।
সদ্য সংবাদ/এসএস