সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার টেংরাটিলায় সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগে ব্যবস্থা নিয়েছে উপজেলা প্রশাসন। তবে একই ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সের মালিকানাধীন জমি দখল করে বাণিজ্যিক মার্কেট ও পোল্ট্রি খামার গড়ে তোলার অভিযোগ থাকলেও সেসব স্থাপনা এখনো উচ্ছেদ করা হয়নি। এতে সরকারি সম্পত্তি উদ্ধারে প্রশাসনের ভূমিকা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
অভিযোগের কেন্দ্রে রয়েছেন আতাউর রহমান ফরাজী। স্থানীয়দের দাবি, টেংরাটিলা বাজারসংলগ্ন এলাকায় বাপেক্সের জমিতে মার্কেট ও পোল্ট্রি খামার নির্মাণ করেছেন তিনি। পাশাপাশি সরকারি জমি দখল করে পুকুর ও খামারও গড়ে তোলেন। দীর্ঘদিন ধরে এসব সম্পত্তি ভোগদখল করে আসছেন বলেও অভিযোগ স্থানীয়দের।
সম্প্রতি সরকারি জমি উদ্ধারে উদ্যোগ নেয় দোয়ারাবাজার উপজেলা প্রশাসন। তবে উচ্ছেদ কার্যক্রমের আগে অভিযুক্ত ব্যক্তি একাধিকবার সময় চাওয়ায় প্রক্রিয়াটি বিলম্বিত হয় বলে জানা গেছে। পরে গত ১২ নভেম্বর ওই জমিতে নির্মিত স্থাপনাগুলো সিলগালা করে লাল নিশান টানিয়ে দেয় প্রশাসন।
কিন্তু সরকারি জমিতে অভিযান চালানো হলেও বাপেক্সের মালিকানাধীন জমিতে থাকা স্থাপনাগুলোর বিষয়ে এখনো কোনো দৃশ্যমান উচ্ছেদ কার্যক্রম দেখা যায়নি। স্থানীয়দের প্রশ্ন, একই ব্যক্তির বিরুদ্ধে দুই ধরনের সরকারি সম্পত্তি দখলের অভিযোগ থাকলে উভয় ক্ষেত্রেই সমান গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন।
টেংরাটিলার বাসিন্দা সিরাজ মিয়া বলেন, সরকারি জমিতে সিলগালা করার পাশাপাশি বাপেক্সের সম্পত্তি দখলের অভিযোগও তদন্ত করা প্রয়োজন। সরকারি ও বাপেক্সের জমির সঠিক সীমানা নির্ধারণ করে সব অবৈধ দখল উচ্ছেদের দাবি জানান তিনি।
আরেক বাসিন্দা মোতালিবের অভিযোগ, আতাউর রহমান ফরাজী সরকারি সম্পত্তি ছাড়াও বিভিন্ন জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করেছেন। স্থানীয়দের জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বিরোধ ও অস্থিরতা তৈরি হচ্ছে বলে জানান তিনি।
অভিযুক্ত আতাউর রহমান ফরাজী পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। তবে তার ভাই সিরাজুল ইসলাম ফরাজী বাপেক্সের জমিতে তাদের স্থাপনা থাকার বিষয়টি স্বীকার করে বলেন, কোম্পানির জায়গায় তাদের স্থাপনা হয়েছে। কর্তৃপক্ষ চাইলে তারা সেখান থেকে সরে যাবেন।
এ বিষয়ে সিলেট গ্যাস ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফারুক হাসান বলেন, সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানের জমি কেউ দখল করতে পারেন না। এ ধরনের ঘটনা ঘটে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত বলেন, সরকারি জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ইতিমধ্যে সংশ্লিষ্ট স্থাপনায় সিলগালা করা হয়েছে। বাপেক্সের জমি দখলের বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রশাসনের কাছে আবেদন করা হলে উচ্ছেদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের প্রত্যাশা, সরকারি জমির পাশাপাশি বাপেক্সের মালিকানাধীন সম্পত্তির সীমানা নির্ধারণ ও দখলের অভিযোগ তদন্ত করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
সদ্য সংবাদ/এসএস