শেরপুরের শ্রীবরদী সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় ১৮ লাখ টাকা মূল্যের ভারতীয় ভেন্ডার ব্র্যান্ডের বডি স্প্রে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৫ নভেম্বর) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধীন শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী হাড়িয়াকোনা এলাকায় অভিযান চালিয়ে এসব বডি স্প্রে জব্দ করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক সিজার মূল্য ১৭ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালানবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানের সময় চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, বাংলাদেশ-ভারত সীমান্ত দিয়ে কসমেটিকস, মাদকসহ যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করছে।
তিনি আরও জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত নিরাপদ রাখা এবং যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির ২৪ ঘণ্টার কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
সদ্য সংবাদ/ এআর