ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার মোহাম্মদ জাহাংগীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাষ্ট্রদ্রোহের মামলায় শনিবার (১৪ নভেম্বর) গভীর রাতে চট্টগ্রামের হালিশহরে জেলা পুলিশ লাইন্সের অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ওই পুলিশ কর্মকর্তার নিয়মিত যোগাযোগ ছিল। পাশাপাশি শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গেও তার যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে। পুলিশের অভ্যন্তরীণ ও গুরুত্বপূর্ণ তথ্য দলটির নেতাদের কাছে পৌঁছে দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এ ঘটনায় শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়। আরআরএফের সহকারী পুলিশ সুপার আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে মামলাটি করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ ও স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) সদস্যরা অভিযান চালিয়ে জাহাংগীর আলমকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) মো. আমিনুর রশিদ। তিনি জানান, মামলা হওয়ার পর পুলিশ ও এসআরইউর একটি দল ওই কর্মকর্তাকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, জাহাংগীর আলমের বিরুদ্ধে পাওয়া অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত ১০ নভেম্বর ওই পুলিশ কর্মকর্তাকে নিজ কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করেন ডিআইজি। এ সময় তার ব্যবহৃত ব্যক্তিগত ও সরকারি দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। ফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় পাঠানো হয়েছিল।
পরদিন তার আটকের খবর ছড়িয়ে পড়লেও তখন বিষয়টি নিশ্চিত করেনি পুলিশ প্রশাসন। বরং অভিযোগ তদন্তের স্বার্থে মোবাইল ফোন দুটি জব্দ করার কথা জানানো হয়েছিল।
জাহাংগীর আলম ২৮তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন তিনি। এর আগে ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানের বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছিল। ওই মামলায় গ্রেপ্তারের পর তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।
সদ্য সংবাদ/এসএস