দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, জ্বালাও-পোড়াওসহ নানা অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে। কোনো ধরনের উসকানিতে পা দেওয়া যাবে না। তৃতীয় কোনো পক্ষ যাতে পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার পরামর্শ দিয়েছেন তিনি।
দলীয় সূত্র জানায়, দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক সহিংসতা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গতকাল শনিবার গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে আঞ্চলিক নেতাদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। খুলনা, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও ফরিদপুর অঞ্চলের দায়িত্বশীল নেতাদের সঙ্গে কথা বলেন তিনি।
বৈঠকে নেতাদের মধ্যকার ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন বিএনপির চেয়ারম্যান। রাজনৈতিক বিষয়গুলো রাজনৈতিকভাবেই মোকাবিলার পরামর্শ দিয়ে তিনি বলেন, দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এ ক্ষেত্রে বাহিনীকে যথাসম্ভব সহযোগিতা করতে হবে।
নাম প্রকাশ না করার শর্তে বৈঠকে অংশ নেওয়া এক নেতা বলেন, রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় শরিক দলগুলোকে সঙ্গে রাখার ওপরও গুরুত্ব দিয়েছেন তারেক রহমান। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ এবং যেকোনো পরিস্থিতিতে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন তিনি।
এর আগে একই দিন জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। ওই বৈঠকেও বিরাজমান পরিস্থিতিতে নিজ নিজ অবস্থান থেকে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। কোনো ধরনের উসকানি বা প্ররোচনায় জড়িয়ে না পড়তে ছাত্রদল নেতাদের সতর্ক করেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে যুবদলের নেতাদের সাক্ষাৎ
এদিকে আজ রোববার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতারা। সংসদ অধিবেশনের বিরতির সময় তাঁদের সঙ্গে কথা বলেন তারেক রহমান। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রের ভাষ্য, সাক্ষাৎটি সৌজন্য সাক্ষাৎ হলেও এতে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, সরকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে সতর্ক রয়েছে। দলের নেতাকর্মীদেরও চোখ-কান খোলা রাখতে হবে এবং কোনো ধরনের উসকানিতে পা দেওয়া যাবে না। তৃতীয় কোনো পক্ষ যাতে পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার নির্দেশ দেন তিনি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে দায়িত্বশীল ভূমিকা পালনেরও পরামর্শ দেন বিএনপির চেয়ারম্যান।
সদ্য সংবাদ/ এআর