গ্রামের আকাশে তখন শীতের হালকা ছোঁয়া। ধুলোমাখা পথ ধরে সন্ধ্যার কুয়াশা ধীরে ধীরে নামতে থাকে। বাংলা কার্তিক মাসের শেষ দিন। একসময় এই দিনটি মানেই ছিল মশাল জ্বালানোর উৎসব। পুরো গ্রামজুড়ে চলত ছোটাছুটি, হাসি-আনন্দ আর আগুনের লেলিহান শিখায় মুখর এক চঞ্চল সন্ধ্যা।
কালের বিবর্তনে ও আধুনিকতার প্রভাবে সেই দৃশ্য এখন প্রায় বিলুপ্ত। তবুও কিছু কিছু গ্রামে শিশু-কিশোরেরা পাড়ার বন্ধুদের সঙ্গে মশাল তৈরি করে উৎসবটির পুরোনো ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করে। তাদের এই আনন্দ যেন অতীতের এক টুকরো সময়কে ছুঁয়ে থাকে, যে সময়টি গ্রামীণ জীবনের সবচেয়ে প্রাণবন্ত স্মৃতিগুলোর একটি।
ভোলার আগুনে শৈশবের স্মৃতি
শৈশবের কথা মনে পড়লে চোখের সামনে ভেসে ওঠে এক অনন্য দৃশ্য। কার্তিক মাসের ৩০ তারিখ সন্ধ্যা নামতেই সবাই মিলে বাঁশের মাথায় খড় বেঁধে তৈরি করা হতো সেই ‘ভোলা’। এরপর তাতে আগুন ধরিয়ে মাঠজুড়ে চলত ছোটাছুটি। আগুনের আলোয় আলোকিত হয়ে উঠত মাঠ, গাছপালা আর শিশু-কিশোরদের উচ্ছ্বসিত মুখ।
হৈ-হুল্লোড় করতে করতে সবাই একসঙ্গে বলে উঠত—
“কার্তিক গেল, আগুন এলো!
অগ্রহায়ণ এলো, পুঁটি মাছ দোয়ারে পড়ল…!”
এ যেন ছিল গ্রামবাংলার নিজস্ব উৎসবের ধ্বনি।
উৎসবের পেছনের লোকবিশ্বাস
কেন এই উৎসবের প্রচলন হয়েছিল, তার সুনির্দিষ্ট ইতিহাস জানা না থাকলেও লোকমুখে রয়েছে নানা বিশ্বাস। প্রচলিত ধারণা অনুযায়ী, মানুষের কল্যাণ, রোগব্যাধি দূর করা এবং অশুভ শক্তিকে প্রতিহত করার উদ্দেশ্যেই মশাল জ্বালানোর এই রীতির প্রচলন হয়েছিল। আগুনকে শুভ শক্তির প্রতীক মনে করে গ্রামবাংলার মানুষ বছরের একটি অধ্যায়ের বিদায় এবং নতুন অধ্যায়ের আগমন উদ্যাপন করত।
প্রজন্মের ব্যবধানে হারাচ্ছে ঐতিহ্য
সময় বদলেছে, বদলে গেছে মানুষের জীবনযাপনও। মোবাইল ফোন, টেলিভিশনসহ আধুনিক বিনোদনের নানা মাধ্যমে গ্রামীণ সংস্কৃতির অনেক ঐতিহ্যই হারিয়ে যেতে বসেছে। আগুন জ্বালানো কিংবা হাতে মশাল নিয়ে মাঠে ছোটাছুটির দৃশ্য এখন নতুন প্রজন্মের অনেকের কাছেই অচেনা।
তবে প্রতিটি গ্রামে যথাযথ উদ্যোগ নেওয়া হলে এবং শিশু-কিশোরদের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে এই প্রাচীন লোকঐতিহ্য আবারও ফিরিয়ে আনা সম্ভব। এতে নতুন প্রজন্ম আনন্দ উপভোগের পাশাপাশি বাঙালির লোকসংস্কৃতির শিকড় সম্পর্কেও জানতে পারবে।
স্মৃতির আলোয় বেঁচে থাকুক ঐতিহ্য
কার্তিকের শেষ সন্ধ্যায় মশালের আগুন এখন আর আগের মতো জ্বলে ওঠে না। তবে স্মৃতি ও ঐতিহ্যের শিখা এখনো মানুষের মনে টিমটিম করে জ্বলছে। সেই ঐতিহ্যটুকু ধরে রাখতে পারলে হারিয়ে যেতে বসা উৎসবটি হয়তো আবারও নতুন করে আলো ছড়াবে গ্রামবাংলার আকাশজুড়ে।
সদ্য সংবাদ/ এআর