রাঙামাটির দুর্গম বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নে শিক্ষার অগ্রযাত্রায় নতুন সম্ভাবনা তৈরি করেছে ভূষণছড়া আইডিয়াল কলেজ। সীমিত সুযোগ-সুবিধা ও নানা প্রতিবন্ধকতার মধ্যেও এবারের এইচএসসি পরীক্ষায় ৭২ দশমিক ৭৩ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়ে জেলাজুড়ে তৃতীয় স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
এই সাফল্য উদযাপন এবং নতুন শিক্ষার্থীদের উৎসাহিত করতে কলেজ প্রাঙ্গণে আয়োজন করা হয় নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান। এতে নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও উপহার দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি ভালো ফলাফল করা শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসলাম সারোয়ার। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইয়াসিন উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা দাতা সদস্য আব্দুল জলিল মেম্বা এবং বরকল প্রেস ক্লাবের সভাপতি শান্তিময় চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও নিয়মিত অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। দুর্গম এলাকায় শিক্ষার সুযোগ সম্প্রসারণে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবদান তুলে ধরে তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
তবে সাফল্যের পাশাপাশি প্রতিষ্ঠানটির সামনে রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জ। পর্যাপ্ত শিক্ষক-কর্মচারীর সংকট, আর্থিক সীমাবদ্ধতা, অবকাঠামোগত দুর্বলতা এবং পরিবহণ ব্যবস্থার অভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনায় হিমশিম খেতে হচ্ছে কলেজ কর্তৃপক্ষকে। শিক্ষার্থীদের আবাসনের জন্য নেই কোনো হোস্টেল সুবিধাও। এসব সমস্যা কাটিয়ে উঠতে সরকারি সহায়তা ও স্থানীয় বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন অধ্যক্ষ মোহাম্মদ ইয়াসিন উদ্দীন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও যুক্তিনির্ভর চিন্তাভাবনা বিকাশে কবিতা আবৃত্তি ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। ‘মাদক নির্মূলে আইন প্রয়োগ নয়, সচেতনতাই মুখ্য বিষয়’ শীর্ষক বিতর্কে শিক্ষার্থীরা পক্ষে-বিপক্ষে নিজেদের যুক্তি তুলে ধরে। তাদের প্রাণবন্ত অংশগ্রহণ অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।
বিশেষ অতিথি শান্তিময় চাকমা বলেন, দুর্গম এলাকায় শিক্ষার বিস্তারে এ ধরনের প্রতিষ্ঠানের সাফল্য আশাব্যঞ্জক। কলেজটির উন্নয়ন ও অগ্রযাত্রায় বরকল প্রেস ক্লাবের পক্ষ থেকে পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সীমাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষায় জেলার তৃতীয় স্থান অর্জন ভূষণছড়া আইডিয়াল কলেজের সম্ভাবনাকে নতুন করে সামনে এনেছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে ভবিষ্যতে প্রতিষ্ঠানটি দুর্গম পাহাড়ি জনপদের শিক্ষার্থীদের জন্য আরও বড় সাফল্যের পথ তৈরি করবে।
সদ্য সংবাদ/এসএস