কৃষকের মুখে হাসি ফোটানো এবং কৃষি খাতকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে চালু করা হয়েছে কৃষক কার্ড কর্মসূচি। এ কর্মসূচির আওতায় ঠাকুরগাঁওয়ে কৃষকদের মধ্যে নগদ অর্থ বিতরণ শুরু হয়েছে। ব্যাংকে গিয়ে চেকের মাধ্যমে সরাসরি এ অর্থ পাচ্ছেন কৃষকরা। তবে টাকা উত্তোলনে দীর্ঘ সময় অপেক্ষা করতে হওয়ায় আনন্দের পাশাপাশি ভোগান্তির কথাও জানিয়েছেন কয়েকজন কৃষক।
রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টা থেকে ঠাকুরগাঁও শহরের সোনালী ব্যাংকের একটি শাখায় সদর উপজেলার নারগুন ইউনিয়নের কৃষকদের মধ্যে এ অর্থ বিতরণ কার্যক্রম শুরু হয়। এ ইউনিয়নের প্রায় ৯৫০ জন কৃষককে প্রত্যেককে ২ হাজার ৫০০ টাকা করে দেওয়ার কথা রয়েছে।
সরকারি এ সহায়তা পেয়ে অনেক কৃষকের মুখে হাসি ফুটেছে। তাঁদের কাছে এ অর্থ শুধু নগদ সহায়তা নয়, বরং কৃষিকাজের প্রয়োজনীয় উপকরণ কেনার ক্ষেত্রে বাড়তি স্বস্তি। বিশেষ করে সার, বীজসহ কৃষি উপকরণের বাড়তি খরচের সময়ে এ অর্থ কিছুটা হলেও কাজে আসবে বলে মনে করছেন তাঁরা।
কৃষক আনিসুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনেক ধন্যবাদ। এই টাকা দিয়ে দুই বস্তা সার কেনা যাবে। কৃষিকাজে এটি আমাদের অনেক উপকারে আসবে।’
কৃষক ইলিয়াস আলী বলেন, ‘আজ আমরা অনেক আনন্দিত। এই টাকা আমাদের কৃষিকাজে অনেক উপকারে আসবে।’
তবে অর্থ বিতরণ কার্যক্রমে দীর্ঘ অপেক্ষা নিয়ে অসন্তোষও দেখা গেছে। কয়েকজন কৃষক জানান, তাঁরা সকাল ৯টায় ব্যাংকে এসেছেন। কিন্তু দুপুর ৩টা পর্যন্ত অপেক্ষা করেও টাকা পাননি। এতে তাঁদের মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। কৃষিকাজের ব্যস্ত সময়ে এভাবে দীর্ঘক্ষণ ব্যাংকে বসে থাকা তাঁদের জন্য কষ্টকর হয়ে পড়েছে।
ভুক্তভোগী কৃষকদের দাবি, ব্যাংকে দীর্ঘ সময় অপেক্ষা করিয়ে অর্থ বিতরণের পরিবর্তে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি তাঁদের কাছে টাকা পাঠানোর ব্যবস্থা করা হলে ভোগান্তি অনেকটাই কমত। এতে সময় ও শ্রম দুটোই সাশ্রয় হতো।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, কৃষক কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি সরকারি বিভিন্ন সেবা ও সুযোগ-সুবিধা পাওয়ার পথ আরও সহজ হবে। এতে কৃষি উৎপাদনে উৎসাহ বাড়ার পাশাপাশি কৃষকদের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখবে এ কর্মসূচি।
বিএনপির নির্বাচনী ইশতেহারে কৃষকদের কল্যাণে কৃষক কার্ড চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এরই ধারাবাহিকতায় গত ১ অক্টোবর ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন উচ্চবিদ্যালয় মাঠে কৃষক-কৃষাণিদের উপস্থিতিতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় ঠাকুরগাঁও সদর উপজেলার ১ হাজার ১৪৮ জন এবং রুহিয়া উপজেলার ১ হাজার ৩৬৯ জন কৃষক রয়েছেন। পর্যায়ক্রমে জেলার অন্যান্য উপজেলাতেও কৃষক কার্ড বিতরণ করা হবে।
কৃষক কার্ডকে ক্ষুদ্র, প্রান্তিক, মাঝারি ও বড়—এ চার শ্রেণিতে ভাগ করা হয়েছে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা ভাতাসহ বিভিন্ন সরকারি সহায়তা ও কৃষি উপকরণ পাওয়ার সুযোগ পাবেন। অন্যদিকে মাঝারি ও বড় কৃষকেরা ভাতা ছাড়া কার্ডের অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল আলম বলেন, সরকারের পাইলট প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করা এবং কৃষি উৎপাদনে উৎসাহিত করার লক্ষ্যে কৃষক কার্ড কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ কর্মসূচির আওতায় কৃষকেরা সরাসরি সরকারি আর্থিক সহায়তা পাচ্ছেন। পর্যায়ক্রমে যোগ্য কৃষকদের এ কর্মসূচির আওতায় আনা হবে। কৃষকদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে।
ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাজেদুল ইসলাম বলেন, কৃষকেরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকদের উৎপাদন ব্যয় কমানো, কৃষি উপকরণে সহায়তা প্রদান এবং সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা সহজে পাওয়ার ক্ষেত্রে কৃষক কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজকের কার্যক্রম সেটিই প্রমাণ করেছে। প্রান্তিক পর্যায়ের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে সবার আগে সেবা পৌঁছে দিতে কাজ করছে বর্তমান সরকার।
সদ্য সংবাদ/ এআর