এসএসসি পরীক্ষার নির্বাচনি পরীক্ষার ফল প্রত্যাশা অনুযায়ী না হওয়ায় বিদ্যালয় প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে ১৫ শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঝালকাঠির রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। তাঁদের সবাইকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
রোববার (১৫ নভেম্বর) সকালে বিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম জানান, রোববার সকালে এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষার ফল প্রকাশের কথা ছিল। তবে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের আগেই কয়েকজন শিক্ষার্থী নিজেদের ফলাফল জানতে পারে। ফল প্রত্যাশা অনুযায়ী না হওয়ায় তারা বিদ্যালয় প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান দেয়।
প্রধান শিক্ষক বলেন, শিক্ষার্থীদের একটি অংশের মধ্যে এমন ধারণা তৈরি হয়েছে যে আওয়ামী লীগ সরকারের সময় পড়াশোনার চাপ তুলনামূলক কম ছিল এবং পরীক্ষায় পাস করা সহজ ছিল। তবে বর্তমান সময়ে ভালো ফল করতে হলে নিয়মিত ক্লাসে উপস্থিতি, পড়াশোনা ও পরীক্ষায় অংশগ্রহণের ওপর গুরুত্ব দিতে হচ্ছে। এসব বিষয় নিয়ে অসন্তোষ থেকেই শিক্ষার্থীরা স্লোগান দিয়ে থাকতে পারে বলে তাঁর ধারণা।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৫ শিক্ষার্থীকে শনাক্ত করা হয়েছে জানিয়ে প্রধান শিক্ষক বলেন, তাঁদের মধ্যে পাঁচ থেকে ছয়জন আওয়ামী লীগ পরিবারের সন্তান বলে জানা গেছে। শনাক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রশাসনিক কার্যক্রম চলছে। তাঁদের সবাইকে টিসি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সদ্য সংবাদ/ এআর