রাজধানীর হাতিরঝিলে একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে দুই কর্মচারীকে গুলি করেছে দুর্বৃত্তরা। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে থানার ওয়াপদা রোডে স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজির কার্যালয়ে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ দুজন হলেন হাবিবুর রহমান (২৬) ও সাজু আহমেদ (২৯)। তাঁরা ওই প্রতিষ্ঠানের নেটওয়ার্ক কর্মী।
প্রতিষ্ঠানটির ম্যানেজার পলাশ জানান, সন্ধ্যা ৭টার দিকে চার দুর্বৃত্ত কার্যালয়ে প্রবেশ করে। এ সময় তারা হাবিবুর ও সাজুকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। পরে সহকর্মীরা তাঁদের উদ্ধার করে রাত ৭টা ৫০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
গুলিতে হাবিবুর রহমানের বাম হাতে এবং সাজু আহমেদের ডান পায়ের হাঁটুর নিচে আঘাত লাগে। দুজনের শরীরেই একটি করে গুলি লেগেছে।
হাবিবুর রহমানের বাবার নাম দুলাল মিয়া। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরের উত্তর মতলব থানার নেতামদী এলাকায়। অন্যদিকে সাজু আহমেদের বাবার নাম মো. ইউসুফ। তাঁর গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি থানার রাজপয়সা এলাকায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, হাতিরঝিলের ওয়াপদা রোড এলাকা থেকে গুলিবিদ্ধ দুজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। বর্তমানে সেখানে তাঁদের চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
এ বিষয়ে তেজগাঁও বিভাগের শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. ইমরান জানান, হাতিরঝিল থানার ওয়াপদা রোড এলাকায় একটি ইন্টারনেট কার্যালয়ে গুলির ঘটনা ঘটেছে। পুলিশের বিভিন্ন দল ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।
সদ্য সংবাদ/ এআর