জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে পাঠানোর পরামর্শ দিয়েছেন আমজনতার দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ পরামর্শ দেন। এর আগে দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে সমালোচনার মুখে পড়েন আসিফ মাহমুদ।
সন্ধ্যা ৭টা ৮ মিনিটে নিজের ফেসবুক পোস্টে তারেক রহমান লেখেন, ‘আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসাবে পাঠান। আগের বার তো এপিসিতে করে পালায় আসছিল।’
এর আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়ে ফেসবুকে পোস্ট দেন আসিফ মাহমুদ। রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া ওই পোস্টে তিনি বলেন, মাত্র দুই সপ্তাহের জন্য তাঁকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলে পরিস্থিতি ঠিক করে দেবেন।
আসিফ মাহমুদ লেখেন, ‘না পারলে ২ সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি।’
অন্য একটি পোস্টে তিনি দাবি করেন, তাঁকে রাজনৈতিক প্রতিপক্ষ বিবেচনা করা হলে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে দায়িত্ব দেওয়া হোক। তিনি তাঁর চেয়ে শতগুণ ভালোভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন বলেও মন্তব্য করেন আসিফ।
এসব পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। মন্তব্যের ঘরে অনেকে তাঁর বক্তব্যের প্রতি সমর্থন জানান, আবার অনেকে সমালোচনা ও কটাক্ষ করেন। কেউ কেউ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে তাঁর দায়িত্ব পালন এবং ১৮ মাসের কার্যকাল নিয়েও প্রশ্ন তোলেন।
মন্তব্যের ঘরে কয়েকজন লেখেন, ‘গোপালগঞ্জ থেকে যে পালিয়ে আসছিলা মনে নাই?’ এবং ‘১৮ মাসে কী কী চেঞ্জ করছিলা ভাইয়েরে?’। এ ছাড়া সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পালন নিয়েও নানা মন্তব্য করেন ব্যবহারকারীরা।
আসিফ মাহমুদের পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলার মধ্যেই তাঁকে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে পাঠানোর পরামর্শ দিয়ে পোস্ট দেন আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমান।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৬ জুলাই গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দিকনির্দেশনা দিতে তৎকালীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পুলিশ কন্ট্রোল রুমে উপস্থিতির ঘটনা ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছিল।
সেদিন গোপালগঞ্জে কারফিউ জারি এবং চলমান অস্থিরতা পর্যবেক্ষণের সময় স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি তৎকালীন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদও পুলিশ কন্ট্রোল রুমে উপস্থিত ছিলেন। তিনি নিজেই ফেসবুকে সেই ছবি প্রকাশ করেছিলেন। স্থানীয় সরকার ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অবস্থায় পুলিশ কন্ট্রোল রুমে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমে তাঁর ভূমিকা কী ছিল, তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষক ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে নানা প্রশ্ন ওঠে।
সদ্য সংবাদ/ এআর