গোপালগঞ্জ সদর ও টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ থেকে বিএনপি নেতাদের বাড়ি, কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর এবার টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে ব্যাংকের ভেতরের মালামাল পুড়ে যায়।
জানা গেছে, রোববার রাত সাড়ে ৮টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা টুঙ্গিপাড়া উপজেলার গ্রামীণ ব্যাংকের শাখার সামনে জড়ো হন। পরে তাঁরা ব্যাংকে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন। একপর্যায়ে ব্যাংকের ভেতরে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় ব্যাংকের সাইনবোর্ডসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে।
এর আগে গ্রামীণ ব্যাংকের সামনের সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুরো এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, রোববার বিকেলে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে উপজেলা সদরে মিছিল বের করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় দায়িত্ব পালনকালে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় মামলার বাদী মোসলেম উদ্দিনকে কুপিয়ে গুরুতর আহত করেন দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
এদিকে টুঙ্গিপাড়ায় উপজেলা যুবদলের কার্যালয় এবং বিএনপির সমর্থকদের কয়েকটি বাড়ি ও দোকানে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অন্যদিকে টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্যার বাড়িসহ কয়েকজন বিএনপি সমর্থকের ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
জেলার চলমান সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, গত কয়েক দিন ধরে গোপালগঞ্জে সড়ক অবরোধ করে মিছিল করছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। রোববার লগি-বৈঠা, রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে দেখা যায়। মিছিল থেকে পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। এ ছাড়া জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করেন দলটির নেতা-কর্মীরা।
জেলার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে রোববার পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের শীর্ষ দুই পদে রদবদলের সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলে হবিগঞ্জের জেলা প্রশাসক জি এম সরফরাজকে গোপালগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। তাঁর স্থলে ফেনীর বর্তমান পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ছয় প্লাটুনে মোট ১৫০ জন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। যশোর এরিয়ার বিজিবির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, জেলার পরিস্থিতি সামাল দিতে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি সদস্যরা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সরকারি সম্পত্তি ও জানমাল রক্ষায় কাজ করবেন।
এর আগে গত শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে টুঙ্গিপাড়া থানার এসআই মোসলেম আলী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন। টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী জানান, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় করা ওই মামলায় ২ হাজার ২২৪ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে ২২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি ২ হাজার জন অজ্ঞাতনামা আসামি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জে দিনভর সহিংসতা চালান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। ওই দিন সকাল থেকেই তাঁরা লগি-বৈঠা, ঢাল-সড়কি ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে টুঙ্গিপাড়া উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবস্থান নেন। এ সময় বিক্ষোভ ও ভাঙচুরসহ নানা সহিংস ঘটনা ঘটে। একপর্যায়ে হামলাকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যানে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন। এ ছাড়া গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন বিক্ষোভকারীরা। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।
সদ্য সংবাদ/ এআর