গোপালগঞ্জে বিএনপি কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা

স
সদ্য সংবাদ ডেস্ক
১৮ নভেম্বর, ২০২৬ ১৪:৩১:০০
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানীতে বিএনপির কার্যালয় ও গ্রামীণ ব্যাংকের একটি স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে এ অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

এর আগে মঙ্গলবার রাতে জেলার টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তিদের ছাড়িয়ে নেওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘাতের পর এ হামলা চালানো হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার বিকেলে টুঙ্গিপাড়া থানা-পুলিশ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ও সমর্থককে গ্রেপ্তার করে। পরে তাঁদের ছাড়িয়ে নিতে থানায় যান সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা হয়।

একপর্যায়ে স্থানীয় মসজিদ থেকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী-সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হন বলে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে। পরে তাঁরা থানায় হামলা ও ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন।

হামলার সময় থানা প্রাঙ্গণে থাকা পুলিশের গাড়ি, মোটরসাইকেল ও আবাসিক ভবনে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। এ ছাড়া থানার লকার ভেঙে গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেওয়া এবং পুলিশের অস্ত্র লুটের অভিযোগও উঠেছে। একই রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও আগুন দেওয়ার খবর পাওয়া যায়।

এদিকে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন মোতায়েন করা বিজিবি সদস্যরা। পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে।

এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারকে আইনি নোটিশ সদ্য. মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড সদ্য. ক্রিসমাস উদ্‌যাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদ্য. আ.লীগের হামলায় ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নিহত! সদ্য. রাজধানীর মিরপুরে ডিএনসিসি প্রশাসক মিল্টনের অফিসে হামলা সদ্য. টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. আ.লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. জুলাই হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারকে আইনি নোটিশ সদ্য. মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড সদ্য. ক্রিসমাস উদ্‌যাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদ্য. আ.লীগের হামলায় ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নিহত! সদ্য. রাজধানীর মিরপুরে ডিএনসিসি প্রশাসক মিল্টনের অফিসে হামলা সদ্য. টুঙ্গিপাড়া থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. আ.লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. জুলাই হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর