সিলেট নগরের আম্বরখানা এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে হোটেল পলাশের একটি কক্ষ থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে গভীর রাতে হোটেলটিতে অভিযান পরিচালনা করে এয়ারপোর্ট থানা পুলিশের একটি দল। এ সময় একটি কক্ষে অবস্থানরত দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়।
দেলোয়ার হোসেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাঙ্গাইল এলাকার বাসিন্দা। তিনি মৃত আব্দুল হামিদের ছেলে। ২০১৯ সালে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
এদিকে, তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর হোটেল পলাশের সামনে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হন। এ নিয়ে সেখানে কিছু সময়ের জন্য উত্তেজনা দেখা দেয়। পরে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি শান্ত হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (সিটিএসবি) মো. আফজাল হোসেন। তিনি জানান, রাতে হোটেল পলাশ থেকে দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সদ্য সংবাদ/এসএস