প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামীকাল বৃহস্পতিবার লালমনিরহাট সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। তাঁকে স্বাগত জানাতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিভিন্ন এলাকায় মিছিল ও প্রচার-প্রচারণা চালাচ্ছেন। অন্যদিকে, দীর্ঘদিনের উন্নয়নবঞ্চনা কাটাতে প্রধানমন্ত্রীর সফর থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা পাওয়ার আশা করছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।
জেলাবাসীর প্রত্যাশার তালিকায় রয়েছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, পরিত্যক্ত লালমনিরহাট বিমানবন্দর চালু, চরাঞ্চলে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, বুড়িমারী স্থলবন্দরের বাণিজ্য সম্প্রসারণ, সড়ক ও রেল যোগাযোগের উন্নয়ন এবং ভুট্টাভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলা।
তিস্তা নদী ঘিরে জীবিকা ও বসতি গড়ে তোলা মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি মহাপরিকল্পনা বাস্তবায়ন। দীর্ঘদিন ধরে এ প্রকল্পের আশ্বাস মিললেও বাস্তবায়নের দৃশ্যমান অগ্রগতি না থাকায় নদীপাড়ের মানুষের অপেক্ষা দীর্ঘ হয়েছে। এর আগে তিস্তা মহাপরিকল্পনার দাবিতে রংপুর বিভাগের আট জেলায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়। সেসব কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তৎকালীন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ক্ষমতায় গেলে প্রকল্পটি বাস্তবায়নের আশ্বাস দিয়েছিলেন। এবার তাঁর কাছ থেকে প্রকল্পের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণার প্রত্যাশা করছেন স্থানীয়রা।
লালমনিরহাটের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে পরিত্যক্ত বিমানবন্দরটি পুনরায় চালুর দাবিও নতুন করে আলোচনায় এসেছে। পাশাপাশি সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকায় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের মতে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে কর্মসংস্থান বাড়ার পাশাপাশি জেলার ব্যবসা-বাণিজ্যেও গতি আসবে।
ভারত সীমান্তসংলগ্ন বুড়িমারী স্থলবন্দর ঘিরেও রয়েছে ব্যবসায়ীদের নানা প্রত্যাশা। বর্তমানে পাথর আমদানির ওপর নির্ভরশীল হয়ে পড়েছে বন্দরটির বাণিজ্য। আগে বিভিন্ন ধরনের পণ্য আমদানি-রপ্তানি হলেও নানা নিষেধাজ্ঞার কারণে অনেক পণ্যের ব্যবসা বন্ধ রয়েছে। বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি বুড়িমারী মহাসড়ক চার লেনে উন্নীত করা এবং স্থলবন্দরকেন্দ্রিক মালবাহী ট্রেন পুনরায় চালুর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারী থেকে চালুর ঘোষণাও চান তাঁরা।
কৃষিনির্ভর এ জেলার আরেকটি বড় সম্ভাবনা ভুট্টা উৎপাদন। তবে বিপুল পরিমাণ ভুট্টা উৎপাদিত হলেও জেলায় বড় আকারের ভুট্টাজাত পণ্য উৎপাদনকারী শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠেনি। তাই তিস্তা চরাঞ্চলে এ খাতভিত্তিক শিল্পকারখানা স্থাপনের দাবি উঠেছে। স্থানীয়দের আশা, এমন উদ্যোগ কৃষিপণ্যের বহুমুখী ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো লালমনিরহাটে আসছেন তারেক রহমান। তাঁকে বরণ করতে জেলার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলাবাসীর বিভিন্ন দাবি পূরণে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন বলে তাঁরা আশা করছেন।
তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সম্পাদক শফিয়ার রহমান বলেন, প্রধানমন্ত্রী আগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবার সফরে প্রকল্পটির চূড়ান্ত রোডম্যাপ ঘোষণার প্রত্যাশা করছেন তাঁরা।
লালমনিরহাটের জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান জানান, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন ও সফল করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তাঁকে স্বাগত জানাতে প্রস্তুত জেলার মানুষ।
সদ্য সংবাদ/এজে