মাগুরার মহম্মদপুরে মায়ের কাছ থেকে নিখোঁজ হওয়ার এক দিন পর আট মাস বয়সী শিশু রাশমিতা চক্রবর্তীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বালিদিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর উত্তরপাড়া এলাকার একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর-বালিদিয়া সড়কের পাশে মৃত আব্দুস সামাদের পারিবারিক পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে থানায় গিয়ে শিশুটির বাবা ও পরিবারের সদস্যরা মরদেহটি রাশমিতার বলে শনাক্ত করেন।
এর আগে সোমবার মহম্মদপুর উপজেলার রাজাপুর এলাকায় মায়ের কোল থেকে শিশুটি নিখোঁজ হয়। পরিবারের অভিযোগ, মাকে অচেতন করে শিশুটিকে নিয়ে যাওয়া হয়েছিল। নিখোঁজের পর থেকেই তাকে উদ্ধারে উদ্বিগ্ন ছিলেন স্বজনেরা। তবে এক দিন পর শিশুটির মরদেহ উদ্ধারের ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার প্রকৃত কারণ এবং শিশুটির মৃত্যুর পেছনে কারা জড়িত, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
মহম্মদপুর থানা পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সদ্য সংবাদ/এজে