গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা থানা ঘেরাও করে এ হামলা চালান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের বরাতে জানা যায়, গত ১০ ও ১৫ নভেম্বর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নাশকতার ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করে টুঙ্গিপাড়া থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে মঙ্গলবার সন্ধ্যায় থানাটি ঘেরাও করেন নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এ সময় পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে বলে জানা গেছে। একপর্যায়ে হামলাকারীদের ধাওয়ায় পুলিশ পিছু হটলে তারা থানার ভেতরে প্রবেশ করেন। এরপর সেখানে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ চালানো হয়। আগুনে পুলিশের কয়েকটি গাড়ি পুড়ে গেছে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, রাত ৮টা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছিল এবং হামলাকারীদের তাণ্ডব চলছিল।
সদ্য সংবাদ/এসএস