স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম শুরু হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তাঁর মতে, মানুষ যখন ভোট দেওয়ার প্রস্তুতি ও নির্বাচনী কার্যক্রমে সম্পৃক্ত হবে, তখন দেশে বিশৃঙ্খলা কমে আসবে।
বুধবার (১৮ নভেম্বর) নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে জাতীয় পরিচয়পত্রের সেবা কার্যক্রম নিয়ে আয়োজিত এক কর্মশালায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সিইসি জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নির্ধারিত সময় অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। নির্বাচনী পরিবেশ তৈরি হলে সাধারণ মানুষের মধ্যে ভোটের আগ্রহ বাড়বে এবং পরিস্থিতিরও উন্নতি ঘটবে বলে মনে করেন তিনি।
এদিকে জাতীয় পরিচয়পত্রের সেবা পেতে নাগরিকদের ভোগান্তি বন্ধে কমিশনের কঠোর অবস্থানের কথা জানান নাসির উদ্দিন। তিনি বলেন, এনআইডি সংক্রান্ত কাজে কোনো ধরনের হয়রানি বা দুর্নীতির অভিযোগ বরদাশত করা হবে না। এ ক্ষেত্রে কর্মকর্তাদের সর্বোচ্চ সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। নাগরিক সেবা নিশ্চিত করতে কমিশন জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।
কর্মশালায় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, গত দুই বছরে ১৭ লাখের বেশি আবেদন নিষ্পত্তি করা হয়েছে। তবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে গিয়ে বেশ কিছু জটিলতা ও চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে সংশ্লিষ্টদের। এসব সমস্যার কারণে অনেক ক্ষেত্রে নাগরিক সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
জাতীয় পরিচয়পত্রের সেবার মান উন্নয়ন, বিদ্যমান সমস্যা চিহ্নিত করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়। এতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
সদ্য সংবাদ/এসএস