চট্টগ্রামের মিরসরাইয়ে ২৪ হাজার ইয়াবা ট্যাবলেটসহ ফারুক হোসেন (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা-পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বারইয়ারহাট পৌর বাজারের জামালপুর খালপাড় এলাকায় জাহেদ স্টোর অ্যান্ড ভাতঘরের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা একটি কাপড়ের ব্যাগ থেকে ২০০টি করে প্যাকেট করা মোট ২৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৭২ লাখ টাকা।
গ্রেপ্তার ফারুক হোসেন খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের নুনছড়ি বাহারটিলা এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন পথ ব্যবহার করে ইয়াবার চালানটি ঢাকায় নেওয়ার পরিকল্পনা ছিল ফারুকের। অধিক লাভে বিক্রির উদ্দেশ্যে ঢাকাগামী বাসের অপেক্ষায় ছিলেন তিনি। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, কক্সবাজার থেকে ঢাকায় মাদক নেওয়া হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৪ হাজার ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৭২ লাখ টাকা। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জোরারগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
সদ্য সংবাদ/ এরআর