বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছাত্রজনতার প্রতিরোধের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গিয়ে সেখান থেকে আগুন সন্ত্রাসে মদদ দিচ্ছেন শেখ হাসিনা।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় যশোর জেলা পরিষদ মিলনায়তনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রয়াত মন্ত্রী তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, আত্মগোপনে থাকা ফ্যাসিবাদের সহযোগী ও গণতন্ত্রবিরোধী শক্তিগুলো দেশে এবং প্রশাসনের ভেতরে আবারও সক্রিয় হয়ে উঠছে। তাদের অবৈধ অর্থের কোনো অভাব নেই। সেই অর্থ ব্যয় করে সন্ত্রাসী ও টোকাইদের দিয়ে বিভিন্ন বাড়ি ও গাড়িতে আগুন দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, শুধু বিএনপির নেতাকর্মীদের বাড়িতেই নয়, গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেওয়া অন্যান্য দলের নেতাদের বাড়িতেও অগ্নিসংযোগ করা হচ্ছে। এসব কর্মকাণ্ডে মদদ আসছে প্রতিবেশী দেশ থেকে। শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের লাশ চান। তাদের লাশ দেখলেই তিনি খুশি হন। আন্দোলন বেগবান করতেই তিনি এমন পরিস্থিতি চান।
প্রয়াত তরিকুল ইসলাম সম্পর্কে রিজভী বলেন, কিংবদন্তিতুল্য এই সংগ্রামী নেতা আজীবন মা, মাটি ও মানুষের জন্য রাজনীতি করেছেন। তিনি ছিলেন একজন পরিপূর্ণ রাজনীতিবিদ। যশোরের উন্নয়নে নিজের জীবন উৎসর্গ করেছেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আমৃত্যু লড়াই করেছেন।
রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যখনই আন্দোলন ও সংগ্রামের কর্মসূচি ঘোষণা করতেন, তখন সবার আগে তরিকুল ইসলামের নাম উচ্চারণ করতেন। বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ও খালেদা জিয়া তাকে গণতান্ত্রিক আন্দোলনের দায়িত্ব দিয়েছিলেন। হাসপাতাল থেকেই সেই আন্দোলন পরিচালনা করেছিলেন তরিকুল ইসলাম। তিনি কখনো দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেননি।
যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন বিএনপির বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, দলের সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা, জেলা জামায়াতের আমির গোলাম রসুল এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
স্মরণসভায় উপস্থিত ছিলেন প্রয়াত তরিকুল ইসলামের সহধর্মিণী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, তার ছেলে এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আলোচনা সভা শেষে প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
সদ্য সংবাদ/ এরআর