মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান। রোগটি চতুর্থ ধাপে পৌঁছেছে বলেও জানিয়েছেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে একটি অনলাইন টকশোতে নিজের শারীরিক অসুস্থতার কথা জানান শামীম ওসমান।
তিনি বলেন, “আমি অসুস্থ, ক্যানসার হয়েছে।” এ সময় নিজের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তার কথা তুলে ধরে তিনি বলেন, “আমি কয়দিন বাঁচব, আমি জানি না।”
একই টকশোতে নারায়ণগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি, সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর কারাভোগ, আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা এবং বিএনপির ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়েও নানা মন্তব্য করেন তিনি।
সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর প্রসঙ্গ টেনে শামীম ওসমান বলেন, জামায়াতের বিরুদ্ধে কথা না বলেও কারাভোগ করতে হয়েছে আইভীকে। মেয়র নির্বাচিত হওয়ার পর তিনি নিজেকে সবার মেয়র হিসেবে পরিচয় দিয়েছিলেন। বিএনপি কিংবা জামায়াতের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য না দিলেও তাকে নয় মাস কারাগারে থাকতে হয়েছে।
নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থার বিষয়ে তিনি বলেন, “একসময় গোপালগঞ্জের চেয়েও শক্তিশালী ছিল নারায়ণগঞ্জ আওয়ামী লীগ। কিন্তু কেন্দ্রের ভুল সিদ্ধান্ত, পকেট কমিটি ও কোটাভিত্তিক রাজনীতির কারণে দলটি দুর্বল হয়ে পড়েছে।”
শামীম ওসমান আরও বলেন, “নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি কমে যাওয়ার পেছনে কেন্দ্রীয় নেতৃত্বেরও দায় রয়েছে। বিভাজনের রাজনীতি দলকে ক্ষতিগ্রস্ত করেছে।” এ অবস্থা থেকে বেরিয়ে আসার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়েও কথা বলেন শামীম ওসমান। আগামী ডিসেম্বরের মধ্যে বিএনপিকে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেন তিনি।
এ সময় নিজের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার কথাও তুলে ধরেন তিনি। বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ক্ষয়ক্ষতির স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক এই সংসদ সদস্য।
সদ্য সংবাদ/ এরআর