অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় এক সপ্তাহের সফরে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশ দুটির উদ্দেশে রওনা হন তিনি।
২০ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত এ সফরে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
সফরসূচি অনুযায়ী, অস্ট্রেলিয়ায় দেশটির সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন জামায়াত আমির। এ ছাড়া সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। মালয়েশিয়াতেও প্রবাসীদের সঙ্গে একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।
শফিকুর রহমানের সফরসঙ্গী হিসেবে রয়েছেন সংসদ সদস্য মোসলেহ উদ্দিন ফরিদ, তাঁর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এবং বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব (এপিএস) মুহাম্মদ নজরুল ইসলাম।
বিমানবন্দরে তাঁকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা।
সদ্য সংবাদ/এজে