বগুড়ার মোকামতলায় আগামী ৫ ডিসেম্বর একাধিক উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সফরকালে নবগঠিত মোকামতলা উপজেলা, মডেল পৌরসভা ও থানার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন তিনি। একই সঙ্গে মোকামতলা থেকে হিলি পর্যন্ত ৩৯ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীত করার প্রকল্পেরও সূচনা করবেন প্রধানমন্ত্রী।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে মোকামতলা হাইস্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সফরসূচি চূড়ান্ত হলে ৫ ডিসেম্বর মোকামতলা হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এ সময় ফলক উন্মোচনের মাধ্যমে নতুন উপজেলা, মডেল পৌরসভা ও থানার কার্যক্রমের উদ্বোধন করা হবে।
সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে থাকছে মোকামতলা-হিলি আঞ্চলিক সড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের উদ্বোধন। ৩৯ কিলোমিটার দীর্ঘ এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৯০০ কোটি টাকা। প্রকল্পটির কাজ শুরুর আনুষ্ঠানিক ঘোষণাও দেবেন প্রধানমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, নতুন প্রশাসনিক কাঠামো গড়ে তোলা এবং সড়ক যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের মাধ্যমে মোকামতলা ও আশপাশের এলাকার উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি হবে। এসব উদ্যোগ স্থানীয় মানুষের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে ভূমিকা রাখবে।
এর আগে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মোকামতলা হাইস্কুল মাঠে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা ও মগ বিতরণ করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সদ্য সংবাদ/এজে