কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শহিদুল ইসলাম (৪৫) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) রাতে উপজেলার আন্ধারীঝাড় বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
গ্রেপ্তার শহিদুল ইসলাম আন্ধারীঝাড় ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য। তিনি উপজেলার খামার আন্ধারীঝাড় গ্রামের মৃত আক্তার হোসেনের ছেলে।
পুলিশ জানায়, ভূরুঙ্গামারী থানায় দায়ের করা একটি মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে শহিদুল ইসলামকে আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পেনাল কোড, ১৮৬০-এর বিভিন্ন ধারায় মামলা রয়েছে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী পোস্ট দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
পুলিশের ভাষ্য, নাশকতাবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে আন্ধারীঝাড় বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারের পর শহিদুল ইসলামকে আদালতে পাঠানো হয়েছে।
সদ্য সংবাদ/এসএস