রাজধানীর মহাখালীতে বৈশাখী টেলিভিশনের প্রধান কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে একদল ব্যক্তি চ্যানেলটির অফিসে ঢুকে এ হামলা চালায় বলে অভিযোগ করেছেন সেখানে কর্মরত সাংবাদিকেরা। এ ঘটনায় কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
হামলার পর ভবনের ভেতরে আটকে পড়েন টেলিভিশনটির সাংবাদিক ও অন্যান্য কর্মীরা। কার্যালয়ের প্রধান ফটকে তালা দেওয়া এবং লিফট বন্ধ করে রাখার কারণে তাঁরা নিচে নামতে পারছিলেন না বলে লাইভ সম্প্রচারে জানান এক সাংবাদিক।
পরিস্থিতি জানাতে বৈশাখী টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়। সেখানে এক সাংবাদিক বলেন, তাঁরা নিরাপত্তাহীন অবস্থায় ভবনের ছাদ থেকে লাইভ করার চেষ্টা করছেন। হামলায় তাঁদের এক সহকর্মী আহত হয়েছেন। এ ছাড়া দুটি মুঠোফোন ও একটি ক্যামেরা নিয়ে যাওয়ার অভিযোগও করেন তিনি।
জরুরি সহায়তা চেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন টেলিভিশনটির কর্মীরা। পরে বনানী থানা-পুলিশের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। লাইভ সম্প্রচারে পুলিশ সদস্যদের ভবনের নিচে অবস্থানরত ব্যক্তিদের সঙ্গে কথা বলতে দেখা যায়।
তবে কারা এ হামলার সঙ্গে জড়িত এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আহত কর্মীদের সংখ্যা ও তাঁদের শারীরিক অবস্থার বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
সদ্য সংবাদ/এসএস