রাজধানীর গুলশানে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য তারানা হালিমের বাসায় শনিবার বিকেল থেকে পুলিশের অবস্থানকে কেন্দ্র করে নানা আলোচনা তৈরি হয়েছে। কয়েক ঘণ্টা ধরে ওই ভবনে পুলিশ সদস্যদের দেখা গেলেও সেখানে তারানা হালিমের উপস্থিতি পাওয়া যায়নি।
শনিবার (২১ নভেম্বর) বিকেল ৩টার পর গুলশান-২ এলাকার ওই ভবনে যান পুলিশ সদস্যরা। সন্ধ্যা পর্যন্ত সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা যায়। পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্যদেরও উপস্থিতি ছিল।
ঘটনাস্থলে থাকা ভবনের নিরাপত্তাকর্মী শরিফ মিয়ার ভাষ্য অনুযায়ী, পুলিশ সদস্যদের মধ্যে দুজন নারী সদস্য ভবনের ওপরের তলায় যান। এ সময় বাসা থেকে কিছু মালামাল নিচে নামানো হয়। তবে পুলিশ সদস্যরা বাসা থেকে কোনো মালামাল বের করেননি বলে জানান তিনি। তারানা হালিমও তখন বাসায় ছিলেন না।
বিষয়টি নিয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নুর জানান, একটি তথ্যের ভিত্তিতে পুলিশ ওই বাসায় গিয়েছিল। তবে যে বিষয়ে তথ্য পাওয়া গিয়েছিল, সেটি সেখানে পাওয়া যায়নি। এ ঘটনার সঙ্গে তারানা হালিমের কোনো সংশ্লিষ্টতা নেই বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, তারানা হালিম আইন পেশা ও সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত মুখ। ২০১৮ সালে আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় তিনি তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
সদ্য সংবাদ/এসএস