গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। বুধবার সকালে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন কয়েকটি কারখানার শ্রমিকরা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এক জায়গা থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়া হলেও অন্য এলাকায় গিয়ে তারা আবারও সড়কে অবস্থান নিচ্ছেন।
বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর এলাকায় শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়। কাজে যোগ না দিয়ে সড়কে নেমে আসায় দুই মহাসড়কেই যান চলাচল ব্যাহত হয়।
নাওজোড় এলাকায় বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নেওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে। তবে একই সময়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকায় শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা ঘিরে পুলিশের সঙ্গে উত্তেজনা তৈরি হয়। সেখানে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
এদিকে, ভবানীপুর এলাকাতেও শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে যানবাহন চলাচল থেমে যায়। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাইকিং করে শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানায়। একাধিক স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করতে হচ্ছে।
শ্রমিক অসন্তোষের কারণে জেলার ১৫টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলের পরিস্থিতি ও মহাসড়কে যান চলাচল নিয়ে ভোগান্তি তৈরি হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ।
সদ্য সংবাদ/এজে