কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত কর্মসূচিকে ঘিরে গোপালগঞ্জ ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সম্ভাব্য সহিংসতা ঠেকাতে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পুলিশ ও প্রশাসনের ৩০ কর্মকর্তাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। একই সঙ্গে নাশকতার পরিকল্পনা, উসকানি ও অর্থায়নের সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ পরিস্থিতিতে গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) ভৈরব কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে আটক করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সূত্রের দাবি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁকে আটক করা হয়। এর আগে এসআরবি-১১ ও ব্যাটালিয়নের সদর দপ্তরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের পর পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাময়িকভাবে ঢাকা রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি মাঠপর্যায়ে অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজন হলে পরিস্থিতি মোকাবিলায় যৌথবাহিনীও প্রস্তুত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অন্যদিকে, জননিরাপত্তা নিশ্চিত করতে মঙ্গলবার দেশের আট জেলায় মোট ১০১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে দায়িত্ব পালন করছেন দুই ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা।
বিজিবি মোতায়েন করা বাকি জেলাগুলো হলো ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার।
সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।
সদ্য সংবাদ/এজে