নারায়ণগঞ্জের রূপগঞ্জে জোরপূর্বক জমি দখল, জাল দলিল তৈরি ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে ফরটিস গ্রুপের প্লাটিনাম কোম্পানির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী কৃষকেরা।
বুধবার (২৫ নভেম্বর) উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের বাগবের এলাকায় কোম্পানিটির সামনে দক্ষিণবাগ, কেয়ারিয়া, টিনর ও বাগবের এলাকার ভুক্তভোগী কৃষকেরা এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী কৃষক মনসুর আলী, মনির হোসেন, ওহাব মিয়া, জুয়েল মিয়া ও স্বপন মিয়াসহ আরও অনেকে।
এ সময় বিক্ষুব্ধ কৃষকেরা অভিযোগ করে বলেন, ফরটিস গ্রুপের প্লাটিনাম কোম্পানির মালিকপক্ষ প্রভাব খাটিয়ে তাঁদের কাছ থেকে জমি ক্রয় না করেই জোরপূর্বক বালু ভরাট করে জমি দখলে নিয়েছে। অনেকের জমি জাল দলিল তৈরি করে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা।
কৃষকদের দাবি, তাঁদের জমির চারপাশে সীমানাপ্রাচীর নির্মাণ করায় নিজেদের জমিতে প্রবেশ করতে পারছেন না। কেউ জমিতে যেতে চাইলে নানা ধরনের বাধা ও হয়রানির শিকার হচ্ছেন। এমনকি অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। জমির মালিক হয়েও নিজেদের সম্পত্তি ভোগদখল করতে না পেরে তাঁরা চরম বিপাকে পড়েছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বাপ-দাদার পৈতৃক সম্পত্তি হারিয়ে অনেক কৃষক পরিবার অসহায় হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চললেও তাঁরা ন্যায়বিচার পাচ্ছেন না। এ অবস্থায় জমির প্রকৃত মালিকানা যাচাই করে ভুক্তভোগীদের সম্পত্তি ফিরিয়ে দেওয়ার দাবি জানান তাঁরা।
কর্মসূচি থেকে কৃষকেরা পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—অবৈধভাবে জমি দখল বন্ধ করা, জাল দলিল তৈরির অভিযোগ তদন্ত করা, অসহায় মানুষের জমি ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা, জমিতে প্রবেশের অধিকার নিশ্চিত করা এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দায়ীদের আইনের আওতায় আনা।
মানববন্ধন শেষে বিক্ষুব্ধ কৃষকেরা জলসিঁড়ি ১০০ ফুট সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল থেকে তাঁরা নিজেদের জমি ফিরে পাওয়া এবং হয়রানি বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
তবে এ বিষয়ে ফরটিস গ্রুপের প্লাটিনাম কোম্পানি কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।
সদ্য সংবাদ/ এরআর