অব্যাহত সংঘাত, সংঘর্ষ, অগ্নিসংযোগ এবং থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় গোপালগঞ্জে সরকারি ও বেসরকারি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বেড়েছে। জেলার সদর, কাশিয়ানী, কোটালীপাড়া, টুঙ্গিপাড়া ও মুকসুদপুর উপজেলার ব্যাংকগুলোর ১০৫টি শাখার কর্মীরা রয়েছেন নিরাপত্তাঝুঁকিতে। বিশেষ করে সড়কে যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং পুলিশের ওপর হামলার ঘটনায় আতঙ্কিত তাঁরা। এদিকে পুলিশের নিষ্ক্রিয়তার কারণে জেলায় চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধ বাড়ছে। এরই মধ্যে কয়েকটি উপজেলায় এটিএম বুথে হামলা এবং টাকা তুলে বের হওয়ার পর গ্রাহকদের কাছ থেকে তা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
গোপালগঞ্জের বিভিন্ন ব্যাংকের শাখা কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পরও কর্মীদের মধ্যে এতটা উদ্বেগ তৈরি হয়নি। তবে চলতি মাসের ১ তারিখ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সড়ক অবরোধ, থানায় হামলা এবং পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ব্যাংক কর্মকর্তারা।
সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন এটিএম বুথে টাকা সরবরাহকারী গাড়ির কর্মীরা। পাশাপাশি সরকারি বিভিন্ন সেবাদাতা প্রতিষ্ঠানের কর্মীরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। আক্রান্ত হওয়ার আশঙ্কায় বিকাশ, নগদ ও রকেটের সেবাও কমেছে। এজেন্ট পয়েন্টগুলোতে টাকা না থাকায় বাধ্য হয়ে ব্যাংকমুখী হচ্ছেন সাধারণ গ্রাহকরা।
এদিকে ১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত সারা দেশে গ্রামীণ ব্যাংকের ২৩টি শাখায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে গোপালগঞ্জের পাঁচ উপজেলায় আটটি শাখায় হামলা হয়েছে। তবে এসব ঘটনায় সরকারি ও বেসরকারি কোনো ব্যাংকের শাখা বা উপশাখায় সরাসরি হামলার তথ্য পাওয়া যায়নি। যদিও মুকসুদপুরে একই ভবনে গ্রামীণ ব্যাংক ও ইসলামী ব্যাংকের শাখা থাকায় সাময়িকভাবে ইসলামী ব্যাংকের কার্যক্রম ব্যাহত হয়েছিল বলে জানিয়েছেন ব্যাংকটির এক কর্মকর্তা।
নিরাপত্তা উদ্বেগের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি করেছে আগামী ২৯ ও ৩০ নভেম্বর গোপালগঞ্জে সর্বাত্মক লকডাউনের ঘোষণা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচি ঘোষণা করেছেন। ফলে আগামী দিনগুলোতে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছেন ব্যাংকসংশ্লিষ্টরা। এমন পরিস্থিতিতে ব্যাংকের শাখা ও এটিএম বুথের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষা ও গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গোপালগঞ্জ জেলায় অগ্নিসংযোগসহ আটটি হামলার তথ্য পাওয়া গেছে।
এ বিষয়ে কৃষি ব্যাংকের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মেজর (অব.) তারেক বলেন, ‘ওয়াচ অ্যান্ড ওয়ার্কের ভিত্তিতে আমাদের কর্মীরা কাজ করে যাচ্ছেন। এ ব্যাপারে আতঙ্ক তৈরির মতো কিছু নেই। আমরা স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি।’
রূপালী ব্যাংকের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মেজর (অব.) আলমগীর হোসেন বলেন, ‘দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ব্যাংকের বিভাগীয় ও জোনাল কার্যালয়গুলোকে শাখার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে। কারণ, প্রতিটি এলাকার পরিস্থিতি এক রকম নয়। তাই নির্দিষ্ট কোনো শাখার জন্য এককভাবে নির্দেশনা দেওয়াও সম্ভব নয়।’
তিনি আরও বলেন, ‘কর্মীদের ব্যক্তিগত নিরাপত্তা ও ব্যাংকের সম্পদের সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে বলা হয়েছে। শাখাগুলোতে আগে থেকেই আনসার সদস্য, নিরাপত্তা প্রতিষ্ঠানের নিয়োজিত প্রহরী এবং ব্যাংকের স্থায়ী কর্মীরা দায়িত্ব পালন করছেন। নতুন করে অতিরিক্ত জনবল নিয়োগের সুযোগ নেই। তবে শাখা ব্যবস্থাপকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। এ জন্য কেন্দ্রীয় কার্যালয়ে একটি নিয়ন্ত্রণকক্ষ রয়েছে। সেখান থেকে ২৪ ঘণ্টা শাখাগুলোর পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।’
এখন পর্যন্ত কোনো শাখা বা এটিএম বুথে হামলা কিংবা নিরাপত্তাজনিত অপ্রীতিকর ঘটনার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি জানিয়ে তিনি বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণকক্ষে জানানোর ব্যবস্থা রয়েছে। মাঠপর্যায়ে কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে খোঁজ নেব।’
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আলতাফ হোসাইন বলেন, গোপালগঞ্জে চলমান অস্থিরতা এবং আগামী ২৯ ও ৩০ নভেম্বর সর্বাত্মক লকডাউনের ঘোষণার মধ্যেও ব্যাংকটির শাখা, কর্মকর্তা-কর্মচারী ও সম্পদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণ নেই। আগের লকডাউনের সময়ও ব্যাংকটির কার্যক্রম বড় ধরনের কোনো সমস্যায় পড়েনি। তবে লেনদেন বন্ধ ছিল।
তিনি বলেন, মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার ঘটনা ঘটলেও একই ভবনে থাকা ইসলামী ব্যাংকের শাখা সম্পূর্ণ অক্ষত ছিল। ব্যাংকটির ওপর কোনো ধরনের চাপ বা হামলার ঘটনা ঘটেনি।
আলতাফ হোসাইন আরও বলেন, ব্যাংকের নিজস্ব নিরাপত্তাব্যবস্থা রয়েছে। প্রতিটি শাখায় নিরাপত্তাকর্মী, ব্যবস্থাপকের নেতৃত্বে নিজস্ব জনবল এবং প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম রয়েছে। এ ছাড়া ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে থাকা একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল অনলাইনে সার্বক্ষণিক শাখাগুলোর সঙ্গে যোগাযোগ রাখছেন এবং প্রয়োজন অনুযায়ী নির্দেশনা দিচ্ছেন।
ব্যাংকের জোনাল ও জেলা পর্যায়ের যানবাহনগুলো সাধারণত গ্যারেজে রাখা হয়। ফলে রাস্তায় থাকার কারণে সেগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও নেই। আগের অস্থিরতা ও লকডাউনের সময় ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়নি। এবারও ব্যাংকের শাখা, জনবল ও সম্পদ নিরাপদ থাকবে বলে আশা প্রকাশ করেন ভারপ্রাপ্ত এমডি।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ‘গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় এটিএম বুথ ভাঙচুরের পাশাপাশি টাকা উত্তোলন করে বের হওয়ার সময় গ্রাহকদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের ঘটনা যেন কোথাও না ঘটে, সে জন্য দেশের সব ব্যাংককে তাদের শাখা ও এটিএম বুথের নিরাপত্তা জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘গ্রাহক ও ব্যাংক কর্মকর্তাদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখতে বলা হয়েছে। ব্যাংকগুলোকে নিজ নিজ শাখা ও বুথের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কর্মীদের নিরাপত্তায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। গোপালগঞ্জের ১০৫টি শাখার নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।’
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে পুলিশ কী ধরনের ব্যবস্থা নিয়েছে, তা জানতে ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান ও গোপালগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে একাধিকবার ফোন করা হলেও তাঁরা সাড়া দেননি। ফলে এ বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গোপালগঞ্জে বাংলাদেশ কৃষি ব্যাংকের ২৩টি, অগ্রণী ব্যাংকের ১৩টি, সোনালী ব্যাংকের ১২টি, জনতা ব্যাংক ও রূপালী ব্যাংকের ছয়টি করে, স্ট্যান্ডার্ড ব্যাংকের পাঁচটি এবং বেসিক ব্যাংকের চারটি শাখা রয়েছে। এ ছাড়া ব্যাংক এশিয়ার তিনটি এবং ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, মধুমতি ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকের দুটি করে শাখা রয়েছে।
অন্যদিকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, এনআরবি ব্যাংক, সিটি ব্যাংক, যমুনা ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, এক্সিম ব্যাংক এবং সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকেরও শাখা রয়েছে জেলাটিতে। সব মিলিয়ে সরকারি ও বেসরকারি ব্যাংকের ১০৫টি শাখা রয়েছে বলে সংশ্লিষ্ট তালিকায় উল্লেখ করা হয়েছে। সূত্র:কালবেলা
সদ্য সংবাদ/ এরআর